বনানীতে বাসায় আগুন, গৃহকর্ত্রীসহ তিনজন দগ্ধ
রাজধানীর বনানী এলাকার একটি বাসায় আগুন লেগে গৃহকর্ত্রী শাহানা খানমসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গৃহকর্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ব্যবসায়ী আহসান হাবিবের পাঁচতলা বাড়ির তৃতীয় তলার রান্নাঘরে আগুন লাগে। এতে গৃহকর্ত্রী শাহানা, গৃহকর্মী রেজওয়ানা আক্তার (১২) ও কর্মচারী হাবিবুর রহমান দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহসান হাবিবসহ লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
আহসান হাবিব সাংবাদিকদের বলেন, স্ত্রী তাঁকে নাশতা দিয়ে রান্নাঘরে যান। এরপর হঠাৎ বিকট শব্দ হয়। তিনি দৌড়ে গিয়ে দেখেন রান্নাঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। শাহানাসহ তিনজনের শরীরেই আগুন। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান।
তেজগাঁও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার তানারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রান্নাঘরের গ্যাসের চুলার লাইনের কোথাও হয়তো কোনো ছিদ্র ছিল। গ্যাস বের হয়ে রান্নাঘরের সিলিংয়ে জমে থাকতে পারে। কারণ, বৈদ্যুতিক বাতির সুইচ দেওয়ার পর পরই অগ্নস্ফুিলিঙ্গের সৃষ্টি হয়।
তানারুল ইসলাম বলেন, পুরো রান্নাঘরই পুড়ে গেছে। ফলস সিলিং ভেঙে পড়ে আসবাবপত্রেরও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ধরনের আগুনের সূত্রপাত খুব কম হয় বলে তিনি জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহানা খানমের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।