
বনানীর একটি ছয়তলা বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায় এবং ভবনটির চারটি তলার বিভিন্ন অংশের দেয়াল ধসে পড়ে। এতে সাতজন আহত হয়েছেন। ভবনের সব বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
বাড়ির বাসিন্দা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কাজে পাশের রাস্তার গ্যাস সরবরাহ পাইপে ফুটো হওয়ার কারণে গ্যাস নিঃসরিত হয়ে ভবনে ঢুকে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেছেন, তিতাস কোনোভাবেই এ ঘটনার দায় এড়াতে পারে না। অন্যদিকে তিতাস বলছে, সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কারণেই ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শনে করে তিতাসের উপসহকারী প্রকৌশলী শিবেন্দ্র নাথ ঘোষ সাংবাদিকদের বলেন, ভবনের নিচ দিয়ে গ্যাসের দুই ইঞ্চি পাইপ গেছে। সেখানে ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বেরোচ্ছিল। ওই গ্যাস কোনোভাবে পানি বা স্যুয়ারেজ পাইপে প্রবেশ করে। প্রচুর গ্যাস ওই পাইপে ঢুকে পড়ায় বিস্ফোরণ হয়েছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ভোরে উত্তরার একটি ভবনে গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিলেন একই পরিবারের পাঁচ সদস্য। এর মধ্যে চারজনেরই মৃত্যু হয়।
গতকাল শুক্রবার সকালে বাড়িটিতে গিয়ে দেখা যায়, ভবনের দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম তলার ব্যালকনি-সংলগ্ন টয়লেটের সামনের দেয়াল ভেঙে পড়েছে। ষষ্ঠ তলার সামনের দিকের পুরো দেয়াল ভেঙে পড়েছে। ভাঙা দেয়ালে পোড়া দাগ। ভবনের সামনে পড়ে আছে ভাঙা ইট আর সুরকি। বিস্ফোরণে ওই ভবনের দুই পাশের দুটি ভবন এবং উল্টো দিকের আরও দুটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। ছয়তলা ভবনের নিচতলা পুরোটাই গ্যারেজ। বাকি পাঁচটি তলার প্রতিটিতে চারটি করে ফ্ল্যাট। দুটো ফ্ল্যাটে দুই প্রতিষ্ঠানের কার্যালয় ছাড়া বাকি সব ফ্ল্যাট আবাসিক। ভবনটিতে গতকাল বাসিন্দাদের বসবাসের অনুমতি দেওয়া হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রাত পৌনে দুইটার দিকে ভবনটিতে আগুন লাগে। বাড়ির তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে সেসব ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কে ছাদে উঠে যান এবং সেখানে আটকা পড়েন। পরে ছাদ থেকে অন্তত ২৫ জনকে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির বাসিন্দা শামসুল আলম প্রথম আলোকে বলেন, তিন দিন ধরে বাসার সামনে গ্যাসের লাইন ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে বলে তাঁরা বৃহস্পতিবার তিতাসে তিন দফা অভিযোগ করেছেন। সর্বশেষ রাত ১০টা ৫২ মিনিটে সেখানকার অভিযোগকেন্দ্র থেকে একজন বলেন, শ্রমিক জোগাড় করতে পারলে তাঁরা পাইপলাইন মেরামত করে দেবেন।
শামসুল আলম বলেন, প্রচুর গ্যাস বাসার ভেতরে ঢুকছিল। সে জন্য তাঁরা বাসার জানালা বন্ধ করে রেখেছিলেন। তিনি গ্যাস সরবরাহ সংস্থা তিতাসের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে জানান।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, ভবনের নিচের ফ্লোরে অনেক গ্যাস জমা হয়েছিল এবং ভবন-সংলগ্ন গ্যাস পাইপ দিয়ে প্রচুর গ্যাসও বেরোচ্ছিল। তিনি বলেন, সুয়ারেজের পাইপলাইন দিয়ে গ্যাস ঢুকে যেতে পারে।
ভবন পরিদর্শনের পর রাজউকের কর্মকর্তা মো. আদিলুজ্জামান সাংবাদিকদের বলেন, বসবাসের উপযোগী করতে হলে ভবনটিতে সংস্কারকাজ করতে হবে। পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, প্রকৌশলীরা পরিদর্শন করে মতামত দেওয়ার আগে ভবনে কাউকে বসবাসের অনুমতি দেওয়া হবে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল ঘুরে দেখে বলেন, বিস্ফোরণের দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। গ্যাস লিক হওয়ার বিষয়টি উল্লেখ করে সিটি করপোরেশনের ঠিকাদার তিন দিন আগে লিখিত অভিযোগে তিতাস গ্যাসকে জানিয়েছিলেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
ঘটনার পর গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার ঘটনাটি গ্যাসলাইনের ছিদ্র থেকে হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।