বনানীতে মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে গতকাল শনিবার বিকেলে প্রাইভেট কারের ধাক্কায় আমিনুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সূত্রাপুরের লক্ষ্মীবাজারের প্রদীপ দাশ লেনে আমিনুরের পৈতৃক বাড়ি। উত্তরা জসীমউদ্দীন রোডে পরিবার নিয়ে এক বাসায় ভাড়া থাকতেন তিনি। টঙ্গীতে একটি বায়িং হাউসে চাকরি করতেন। গতকাল বিকেলে তিনি মোটরসাইকেলযোগে লক্ষ্মীবাজার থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন। বনানী ১১ নম্বর রোডে যাওয়ার পর একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হাসান বলেন, প্রাইভেট কারসহ চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।