বনানীতে ১২ কোটি টাকার গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানী এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। গতকাল বুধবার দুপুরে বনানীর জি ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সাটাইল অটোমোবাইল নামের একটি প্রতিষ্ঠান থেকে ‘অডি আর ৮’ মডেলের রেসিং কারটি জব্দ করা হয়। শুল্কসহ গাড়িটির মূল্য প্রায় ১২ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে মংলা বন্দর দিয়ে গাড়িটি ছাড় হয়েছে ‘অডি টিটি’ ২৫০০ সিসি হিসেবে। যুক্তরাজ্য থেকে গাড়িটি আমদানি করে ঢাকার তুরাগের অটো ওয়ান নামের একটি প্রতিষ্ঠান। ২০১৩ সালের ২৭ এপ্রিল মংলা বন্দরের বিল অব এন্ট্রি ৩৪২৭-এর মাধ্যমে গাড়িটির মূল্য ২৬ লাখ টাকা দেখিয়ে তার ওপর ৪৫১ শতাংশ শুল্ক দেওয়া হয়। কিন্তু যাচাই করে জানা গেছে, গাড়িটি ‘ওডি আর ৮’ মডেলের, এটি ৫২০০ সিসির। এর মূল্য শুল্ক ছাড়া বাংলাদেশের মুদ্রায় এক কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা। এর ওপর ৮৪১ শতাংশ শুল্কসহ সব ধরনের শুল্ক যোগ করলে গাড়িটির মূল্য দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা।