বনানীর বাগ-ই-মোনেমে হাসপাতাল তৈরির দাবি
যুদ্ধাপরাধীদের মরণোত্তর বিচার ও ‘বাগ-ই-মোনেম’-এ বিশেষায়িত একটি হাসপাতালের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ নয়টি সংগঠন। রাজধানীর বনানীতে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির সামনে মানববন্ধন থেকে গতকাল শনিবার এ দাবি জানানো হয়। বাগ-ই-মোনেম নামে পরিচিত বাড়িটির একটি অংশ গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ করে।
মানববন্ধনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, সারা দেশে এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন, যাঁরা অর্থাভাবে মানবেতর জীবন যাপন করেন, রিকশা চালান। আর স্বাধীনতাবিরোধীরা শত শত বিঘা জমি দখল করে রাখে। তিনি বলেন, আইন পরিবর্তন করে যুদ্ধাপরাধীদের মরণোত্তর বিচার করতে হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। বনানী ২৭ নম্বর সড়কে মোনায়েম খানের দখল করা জমিতে বিশেষায়িত একটি হাসপাতাল করতে হবে, যাতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা বিনা মূলে চিকিৎসা পান। তিনি ডিএনসিসির মেয়র আনিসুল হককে তাঁর সাহসী উদ্যোগের জন্য অভিনন্দন জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে মেয়র আনিসুল হক বলেন, মোনায়েম খানের মতো একজন কুখ্যাত রাজাকার বনানীর ‘গ্রিন জোনে’ পাঁচ বিঘা জমি দখল করে বাড়ি বানিয়েছেন। এর একটি অংশ উচ্ছেদ করে যান চলাচলের জন্য সড়ক প্রশস্ত করা হয়েছে। বাড়ির অন্য অংশ উচ্ছেদে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। তিনি বলেন, হকারদের পুলিশ তাড়ায় আর প্রভাবশালীরা পুলিশ তাড়িয়ে শত শত বিঘা জমি দখল করে রাখে। এসব প্রভাবশালী দখলবাজের বিরুদ্ধে ডিএনসিসি যুদ্ধ ঘোষণা করেছে। তিনি মোনায়েম খানের দখল করা জমিতে হাসপাতালের দাবি সমর্থন করেন।
সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, গুলশান-বনানী এলাকার অধিকাংশ বাড়ি শান্তি কমিটির সদস্যদের, যুদ্ধাপরাধীদের। এসব বাড়িসহ সারা দেশে যুদ্ধাপরাধীদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যয় করতে হবে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ফেরদৌসী প্রিয়ভাষিণী, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, সাংবাদিক আবেদ খান, শহীদ পরিবারে সন্তান নুজহাত চৌধুরী, তৌহিদ রেজা নূর, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোনায়েম খান ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন। ১৯৭১ সালের ১৩ অক্টোবর মোনায়েম খান তাঁর বনানীর বাসভবনে মুক্তিযোদ্ধাদের আক্রমণে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই আক্রমণে অংশ নেওয়া মোজাম্মেল হক মানববন্ধন থেকে বলেন, সে সময় এই বাড়ি (বাগ-ই-মোনেম) ছিল খুবই সুরক্ষিত। জীবনের ঝুঁকি নিয়ে তিনি ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাড়িতে ঢোকেন। তাঁরা বাড়ির ভেতরে কলাবাগানে লুকিয়ে ছিলেন। পরে সুযোগ বুঝে গুলি করে পালিয়ে যান। বাগ-ই-মোনেমের উচ্ছেদে সন্তোষ প্রকাশ করে মোজাম্মেল হক বলেন, আধা বিঘা জমি বরাদ্দ নিয়ে ৪৫ বছর ধরে পাঁচ বিঘা জমি দখল করে রেখেছে মোনায়েম খানের পরিবার। শুধু এই বাড়ি নয়, সব যুদ্ধাপরাধীর বাড়ি উচ্ছেদ করতে হবে।