বনানীর বাড়িটি যেন ধ্বংসস্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীতে ছয়তলা ভবনে গ্যাসের বিস্ফোরণে ধসে পড়ে কয়েকটি তলার বিভিন্ন অংশ। ভবনের পঞ্চম তলার একটি কক্ষে পুড়ে যাওয়া আসবাব ও অন্যান্য জিনিস। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর বনানীতে ছয়তলা ভবনে গ্যাসের বিস্ফোরণে ধসে পড়ে কয়েকটি তলার বিভিন্ন অংশ। ভবনের পঞ্চম তলার একটি কক্ষে পুড়ে যাওয়া আসবাব ও অন্যান্য জিনিস। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

দেয়াল ভেঙে পড়েছে। জানালার কাচ ভাঙা, গ্রিল উড়ে গেছে। উঠে গেছে মেঝের টাইলস। পুড়ে ছাই হয়ে গেছে কিছু ফ্ল্যাটের আসবাবপত্র। ভেঙে যাওয়া দেয়ালের ইট, সুরকি আর ভাঙা কাচ ছড়িয়ে আছে ছয়তলা ভবনের সব কটি তলায়। লিফটের স্টিলের দরজাগুলো দুমড়ে গেছে।
বিস্ফোরণের এক দিন পর গতকাল শনিবারও বনানী ২৩ নম্বর রোডে বিধ্বস্ত ৯ নম্বর বাড়ির সামনে ছিল ভবনের বাসিন্দাদের ভিড়। রাতটা তাঁরা স্বজনদের বাসায় কাটিয়েছেন। সকালে ফিরে এসে জরুরি জিনিসপত্র বের করে নেওয়ায় ব্যস্ত। ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে গ্যাস ঢুকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শুক্রবারই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তবে গতকাল কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেনি। ঘটনা তদন্তে পেট্রোবাংলাও চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে এ কমিটি।
এদিকে বিস্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক মো. শামসুল আলম প্রথম আলোকে বলেন, ঘটনাটি তাঁরাও তদন্ত করে দেখবেন। নাম প্রকাশে অনিচ্ছুক অধিদপ্তরের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরবরাহের গ্যাস কোনোভাবে পয়োনালির পাইপের মধ্য দিয়ে ঢুকে বিস্ফোরণ ঘটতে পারে। গত বছর গুলশানের একটি বাড়ির পঞ্চম তলায়ও এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
গতকাল গিয়ে দেখা যায়, ছয়তলা ওই ভবনে শুধু বাসিন্দা ছাড়া আর কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এক ফ্ল্যাট মালিকের সহায়তায় এই প্রতিবেদকদ্বয় ভবনের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম তলার কয়েকটি ফ্ল্যাট পরিদর্শন করেন। এসেট ডেভেলপারসের নির্মিত ভবনটি দুই ভাগে বিভক্ত। মাঝখানে বাতাস চলাচলের একটি সরু ফাঁকা জায়গা।
ভবনের বাসিন্দারা জানিয়েছেন, ভবনটিতে ২২০০ ও ২১০০ বর্গফুটের ১০টি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া ১৪৮৫ ও ১৪০৫ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে আরও ১০টি।
বিস্ফোরণে মূল ক্ষতি হয়েছে ভবনের পূর্ব অংশটিতে। বিস্ফোরণের পর এই অংশে আগুন লেগে যায়। তবে পশ্চিম পাশের অংশটিতে আগুন না লাগলেও বিস্ফোরণে এর জানালার কাচ ভেঙে গেছে।
ভবনের পূর্ব পাশের পাঁচতলার এ-৪ ফ্ল্যাটে পরিবারে নিয়ে থাকেন শামসুল আলম। বিস্ফোরণে তাঁর ফ্ল্যাটের সামনের দিকের একটি কক্ষ পুড়ে কালো হয়ে গেছে। মেঝেতে পুড়ে যাওয়া ম্যাট্রেসের কাঠামো, চেয়ারের স্টিলের কাঠামো। কক্ষটিতে থাকতেন শামসুল আলমের ছেলে নাবিদ ইমতিয়াজ। কিছুদিন আগেই ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছিলেন তিনি। বিস্ফোরণে নাবিদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। মোহাম্মদপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।
শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের গন্ধের কারণে দরজা-জানালা বন্ধই ছিল। রাতে হঠাৎ করেই বিকট শব্দ। এরপর গরম একটি বাতাস এসে ঝাপটা দেয়। পুড়ে যাওয়া কক্ষ থেকে আমার ছেলে আর্তচিৎকার করে বের হয়ে আসে। আমরাও ততক্ষণে নিজেদের কক্ষ থেকে বের হয়ে আসি। তখনো আমাদের ফ্ল্যাটে আগুন লাগেনি। নিচে নামতে গিয়ে দেখি নিচতলায় আগুন ধরে গেছে। তখন আমরা ছাদে চলে যাই।’
পশ্চিম পাশের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা নাজিহা মেঘ। প্রথম আলোকে তিনি বলেন, ‘হঠাৎ করেই বিকট শব্দ শুনলাম। এরপরই হিস হিস শব্দ। দৌড়ে মূল দরজার দিকে যাই। দরজা খুলে শুনি চারদিকে সবাই চিৎকার করছে। আমরা সবাই ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে। বাবা-মা, বোনসহ আমরা দ্রুত নিচে নেমে আসি। তখনো কিন্তু আগুন লাগেনি। নেমে আসার পরই দেখলাম আগুন লেগে গেছে কোনো একটি ফ্ল্যাটে।’
ভবনের চতুর্থ তলার এ-৩ ফ্ল্যাটে ভাড়া থাকেন একটি বিদেশি পোশাক কোম্পানির চেয়ারম্যান। জার্মানির এই নাগরিক রয়েছেন দেশের বাইরে। বিস্ফোরণে তাঁর ফ্ল্যাটটি একেবারেই তছনছ হয়ে গেছে। একটি কক্ষ পুরো পুড়ে গেছে। সামনের টয়লেট ও তার দুপাশের কক্ষের দেয়াল ভেঙে গেছে। কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার মাহফুজ রানা প্রথম আলোকে বলেন, ‘সব নষ্ট হয়ে গেছে। কিছুই উদ্ধার করা যাবে না এখান থেকে।’
ভবনটির বি-৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা শামীম আনোয়ারুল হক বলেন, বিকট শব্দে যখন বিস্ফোরণ ঘটে, তখন পাশের ফ্ল্যাটের এসির আউটডোর তাঁর ঘরের জানালার কাচ ও গ্রিল ভেঙে ঘরে ঢুকে যায়। এ ঘটনায় ভবনে বাস করা প্রায় ৫০ জন বাসিন্দার বেঁচে যাওয়াকে তিনি সৌভাগ্য বলে মনে করেন।
ভবনের পশ্চিম পাশের বি-১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা নাসের মোহাম্মদ খানের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেন তাঁদের আপাতত থাকার ব্যবস্থা করে দেয়। কারণ তাঁরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাতে আত্মীয়ের বাসায় থাকছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, ভবনটির মালিকপক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। এ কারণে যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাঁদের জিজ্ঞাসাবাদও করা হয়নি।
গুলশান ও বনানীর যেসব এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়ির কাজ চলছে, সেখানে জরুরি সেবা দেওয়ার জন্য একটি দল সার্বক্ষণিক রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস। খননস্থলের আশপাশে গ্যাস লিকেজ বা গন্ধ পাওয়া গেলে ০১৮২৩৬৩২৩০৩, ০১৭১৫৪১১৫৯৩ ও ০১৭১১৩৫২৮৭৭ নম্বরে জানাতে বলা হয়েছে।