বনানীর বাড়িতে অগ্নিকাণ্ডে দায়ী গ্যাস লাইনের ফুটো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বনানীর বাড়িটি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ড হয়। বাসিন্দারা বলছেন, গ্যাস লাইনের ফুটো থেকে বিস্ফোরণ ও আগুনে বাড়িটির এই অবস্থা। ছবি: সাজিদ হোসেন
অগ্নিকাণ্ডে এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বনানীর বাড়িটি। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ড হয়। বাসিন্দারা বলছেন, গ্যাস লাইনের ফুটো থেকে বিস্ফোরণ ও আগুনে বাড়িটির এই অবস্থা। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর বনানীর একটি বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাড়ির বাসিন্দা ও এলাকাবাসী বলছে, রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজের সময় গ্যাস লাইন ফুটো হয়ে যায়। বারবার অভিযোগ দেওয়া সত্ত্বেও তিতাস গ্যাস কোনো ব্যবস্থা নেয়নি। গ্যাস লাইনের ওই ফুটো থেকেই আগুন লেগেছে।

আহত ব্যক্তিরা গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বরে গিয়ে দেখা যায়, ছয়তলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের কয়েকটি তলার দেয়াল ভেঙে গেছে। ওই ভবনসহ আশপাশের কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। ভবনের বাসিন্দাদের বের করে আনা হয়েছে। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। দেখা গেছে, ভবনটির সামনের রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে।

ভেঙে গেছে বাড়ির বেশ কয়েকটি তলার দেয়াল। ছবি: সাজিদ হোসেন
ভেঙে গেছে বাড়ির বেশ কয়েকটি তলার দেয়াল। ছবি: সাজিদ হোসেন

ছয়তলা ভবনের একাধিক শরিক আছেন। বাসার মালিক শামসুল আলম ও তাঁর বোন নাইয়ার রহমান প্রথম আলোকে বলেন, গত তিন দিন ধরে গ্যাসের লাইন ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে বলে তাঁরা তিতাস গ্যাসে অভিযোগ করেছেন। গতকাল তিনবার তাঁরা তিতাস গ্যাসে অভিযোগ করেন। সকালে একবার, বিকেল চারটায় একবার ও রাত ১০টা ৫২ মিনিটে তিতাস গ্যাসে অভিযোগ জানানো হয়। সর্বশেষ রাত ১০টা ৫২ মিনিটে সেখানকার অভিযোগকেন্দ্র থেকে একজন বলেন, শ্রমিক পাঠাতে পারলে তাঁরা লাইন মেরামত করে দেবেন। এর পর রাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসার মালিক ও শরিকেরা তিতাস গ্যাসের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।

ভবনের বাসিন্দা ও এলাকাবাসীরা। ছবি: সাজিদ হোসেন
ভবনের বাসিন্দা ও এলাকাবাসীরা। ছবি: সাজিদ হোসেন

শামসুল আলম ও শরিকেরা জানান, মাইলস্টোন নামে ছয়তলা ওই ভবনে তাঁরা ২০১০ সাল থেকে বসবাস করছেন। সেখানে ২০টি ফ্ল্যাট রয়েছে। বাসার নিচতলায় গ্যারেজ।

এলাকাবাসী বলছেন, রাস্তায় কয়েক দিন ধরে খোঁড়াখুঁড়ি চলছিল। এ সময় গ্যাসের লাইন ফুটো হয়ে গেছে বলে তাঁদের ধারণা। জমে থাকা পানিতে বুদবুদও দেখেছেন তাঁরা। সেখানে গ্যাসের গন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ বলেন, তিতাস গ্যাসের অভিযোগকেন্দ্র থেকে যিনি শ্রমিক পাঠানোর কথা বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনের বাসিন্দাদের অভিযোগ পাওয়ার পরও তিতাস গ্যাস ব্যবস্থা নেয়নি কথাটি ঠিক না বলে তিনি দাবি করেন।

এইচ এম আলী আশরাফ বলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ভবনটি সংলগ্ন স্যুয়ারেজের পাইপ দিয়ে গ্যাস ওপরে উঠে গেছে। তিনি অভিযোগ করেন, গ্যাসের লাইন ফুটো হওয়ার কথা ওয়াসা তাঁদের জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া যেত।

ঘটনাস্থলে পুলিশ, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর ভিড়। ছবি: সাজিদ হোসেন
ঘটনাস্থলে পুলিশ, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর ভিড়। ছবি: সাজিদ হোসেন

ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এডিএম কামরুল আলম চৌধুরী বলেন, তাঁরা রাস্তায় খোঁড়াখুঁড়ি করে পাইপ বসানোর কাজ করছিলেন না।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, অগ্নিকাণ্ডে কেউ মারা গেছেন বলে তাঁরা খবর পাননি। ভবনের সব বাসিন্দাকেই উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের গুলশানের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন লেগেছে কি না তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস তিন সদস্যের কমিটি গঠন করেছে।

গুলশান বিভাগের সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান, ভবনটি এখন বসবাসের জন্য নিরাপদ কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। এ কারণে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন:
রাজধানীর বনানীতে বাসায় অগ্নিকাণ্ড