বনায়নে জলাশয় ভরাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ-সংলগ্ন বিশাল একটি জলাশয় (বরোপিট) ভরাট করা হচ্ছে। অভিযোগ উঠেছে, উপজেলার সিপাইকান্দি গ্রামের নুরুল হক ও ঠেটালিয়া গ্রামের আলমগীর হোসেন বিধিবহির্ভূতভাবে চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলীকে ‘ম্যানেজ’ করে তাঁদের স্ত্রীদের নামে জলাশয়টি ইজারা নিয়ে বনায়ন করার কথা বলে ভরাট করছেন।

সিপাইকান্দি বরোপিট মৎস্য খামার সমিতির পক্ষে সিরাজুল ইসলাম গত ২৮ মে জেলা মৎস্য কর্মকর্তার কাছে ইজারা বাতিল ও জলাশয় ভরাট বন্ধে লিখিত আবেদন করেন। জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি বলেন, জলাশয়টি ভরাট হলে এলাকার পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়বে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন মাছচাষিরা। সরকার বঞ্চিত হবে রাজস্ব আয় থেকে।

আবেদনে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, কয়েকটি দাগের তিন একর আয়তনের জলাশয়টি সিপাইকান্দি গ্রামের এনায়েতনগর মৌজায় অবস্থিত। বাঁধ নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও মাছচাষিরা ’৯৩ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছ থেকে জলাশয়টি ইজারা নিয়ে মৎস্য বিভাগের তত্ত্বাবধানে মাছের চাষ করে আসছেন। গত বছর মাছচাষি ও মৎস্য বিভাগকে না জানিয়ে সেলিনা আক্তার ও মমতাজ বেগমের নামে পাউবো এটি ২০১৯ সাল পর্যন্ত ইজারা দেয়, যা এফসিডিআই প্রকল্পের নীতিমালার পরিপন্থী। জুনের শুরু থেকে এখানে ড্রেজার দিয়ে বালু ফেলা হচ্ছে। ইতিমধ্যে এটির প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা বলেন, ‘জলাশয়টি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য ’৯৬ সালে পানিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই মোতাবেক এফসিডিআই (বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন-সেচ) প্রকল্পের আওতায় এলাকার মাছচাষিরা এখানে মাছের চাষ করছেন। চুক্তির শর্ত মোতাবেক মৎস্য বিভাগকে না জানিয়ে পাউবো কিংবা পাউবোকে না জানিয়ে মৎস্য বিভাগ এটি ইজারা দিতে পারে না। অথচ পাউবো কাউকে কিছু না জানিয়ে চুক্তির শর্ত অমান্য করে গোপনে দুই ব্যক্তির কাছে এটি ইজারা দেয়, যা মৎস্য ও জলাশয় আইনের পরিপন্থী। জলাশয় ভরাট করে বনায়ন করার বিধান নেই। বিষয়টি তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ১২ জুন জেলা মৎস্য কর্মকর্তা, জেলা প্রশাসক ও পাউবোর কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে।’

ইজারা গ্রহীতা ঠেটালিয়া গ্রামের মমতাজ বেগমের স্বামী আলমগীর হোসেন বলেন, ‘২০০৪ সাল থেকে জলাশয়টি পরিত্যক্ত ছিল। তাই বনায়নের জন্য পাউবোর কাছ থেকে ইজারা নিয়ে ভরাট করা হচ্ছে। আইনসম্মতভাবেই সবকিছু করা হচ্ছে।’

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলী বলেন, ‘আগের নির্বাহী প্রকৌশলী নিয়ম ভঙ্গ করে এটি ইজারা দিয়েছেন। বালু ভরাট বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জলাশয় ভরাট বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। ইজারা বাতিল করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হবে।’