বনায়ন ছাড়া অন্য খাতেও কর্মী নেবে মালয়েশিয়া

শুধু বনায়ন খাতের জন্য নয়, বাংলাদেশ থেকে এই খাতের বাইরে নির্মাণ, সেবা, উত্পাদনসহ অন্যান্য খাতেও কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ ছাড়া শুধু পুরুষ নয়, নারী গৃহকর্মীও নিতে চায় দেশটি।
ঢাকা সফররত মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েমের নেতৃত্বাধীন প্রতিনিধিদল আজ সোমবার বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছে।
তবে কখন থেকে কিংবা কত সংখ্যক কর্মী নেওয়া হবে, সে বিষয়ে তাঁরা সুস্পষ্ট করে কিছু বলেননি। বাংলাদেশ থেকে সরকারিভাবে কেন এত কম সংখ্যক কর্মী যাচ্ছে, সেটিও দেশটি খতিয়ে দেখবে বলে তাঁরা জানিয়েছেন।
তিন দিনের সফরে আজ দুপুরে কুয়ালালামপুর থেকে নয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান রিচার্ড জায়েম। বেলা সাড়ে তিনটার দিকে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এরপর তিনি বাংলাদেশের নয় সদস্যদের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই মন্ত্রী।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খুব সৌহর্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে আমরা বলেছি বাংলাদেশ থেকে আশানুরূপ লোক মালয়েশিয়া যাচ্ছে না। বনায়ন খাতে যাওয়ার জন্য আমাদের ১৪ লাখ লোক নিবন্ধন করলেও গত ২০ মাসে মাত্র পাঁচ হাজারের মতো লোক গেছে। আমরা মালয়েশিয়াকে অনুরোধ করেছি যেন তারা বনায়ন ছাড়াও অন্যান্য খাতে লোক নেয়। তারা আমাদেরকে সে ব্যাপারে আশ্বস্ত করেছে। এ ছাড়াও তারা গৃহকর্মী নিতে চায়। দুই দেশের সচিবের নেতৃত্বে এ ব্যাপারে একটি যৌথ কমিটি হবে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ ছাড়াও সারওয়াক প্রদেশে তাদের ১২ হাজার কর্মী লাগবে বলে জানিয়েছেন তিনি।’
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ায় বনায়ন খাতে যাওয়ার জন্য যে ১৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন তাঁদের মধ্য থেকেই ভবিষ্যতে অন্যান্য খাতে যাওয়ার সুযোগ পাবেন। তবে সবাই যেতে পারবেন এমনটি নয়। তাদের যত লোক লাগবে, ততজনই যেতে পারবেন।’
মালয়েশিয়ার মন্ত্রী রিচার্ড জায়িম বলেন, ‘মালয়েশিয়া খুব দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উন্নয়নে বাংলাদেশের কর্মীদেরও অবদান আছে। আমরা বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মন্ত্রিসভাও সেবা, নির্মাণ, উত্পাদন এসব খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আমরা বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে চাই। তবে আমরা তাঁদের গৃহকর্মী নয়, গৃহব্যবস্থাপক বলতে চাই।’
কবে নাগাদ এই কর্মী নেওয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিচার্ড বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়। কারণ আমরা মাত্র প্রক্রিয়া শুরু করেছি।’ মালয়েশিয়া কেন বাংলাদেশ থেকে সরকারিভাবে এত কম কর্মী নিচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি আমরা খতিয়ে দেখব।’
বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল সাহার বিন দারুসমান ও শ্রম বিভাগের মহাপরিচালক জাফরি বিন জোয়াকিমসহ প্রতিনিধিদলের বাকি আট সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামছুন নাহারসহ অন্যরা উপস্থিত ছিলেন।