বনায়নে বিপন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের সন্দলপুর গ্রামে খনন করে বের করা একটি ‘বৌদ্ধ স্তূপ-মন্দির’-এর চারপাশে বনায়ন করেছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে আবিষ্কৃত মন্দিরটি ধ্বংস হয়ে যাবে। বন বিভাগের কর্মকর্তারা গাছ লাগানোর কথা স্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মন্দির এলাকাটি সংরক্ষণের উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিবেশ প্রত্নতত্ত্ব দল ২০০৭ সালে খননের মাধ্যমে অভিনব স্থাপত্যটি উন্মোচন করে। আবিষ্কারের পর প্রত্নতত্ত্ব দলটি মোটা পলিথিন দিয়ে মন্দিরটি মুড়িয়ে দেয় এবং এর ওপর মাটিচাপা দেয়। বর্তমানে বন বিভাগ সেই বৌদ্ধ স্তূপ-মন্দিরের ওপর আকাশমণি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেছে।বিরামপুর সদর থেকে চরকাই হয়ে রতনপুর যাওয়ার পথে রাস্তার বাঁ পাশে সন্দলপুর মৌজার ১৫৭ দাগে মন্দিরটি অবস্থিত। আয়তনে ১১ বর্গমিটার মন্দিরটি করতোয়া নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে আছে। একটি ২ দশমিক ৭০ মিটার বর্গাকার ইটের তৈরি কাঠামোকে কেন্দ্র করে স্থাপনাটি গড়ে উঠেছে। কাঠামোর ঠিক মাঝখানে একটি এক মিটার বৃত্তাকার কাঠামো রয়েছে। চারদিকে কতগুলো শূন্য কক্ষ তৈরি করে কাঠামো নির্মাণের জায়গাটাকে উঁচু করা হয়েছে। উঁচু জায়গায় সুরকি-মাটির পুরু মেঝে তৈরি করে তার ওপর কাঠামোগুলো নির্মিত হয়েছে।প্রত্নতত্ত্ববিদদের মতে, স্থাপত্য নির্মাণের এই পদ্ধতি অবিভক্ত বাংলার সমতলভূমির নরম মাটির জন্য বিশেষভাবে আবিষ্কৃত হয়েছিল। ‘সেলুলার’ স্থাপত্যরীতি নামে পরিচিত এই পদ্ধতিতে নির্মিত স্থাপত্যের সবচেয়ে বড় উদাহরণ হলো বগুড়ার মহাস্থানের ‘গোকুল মেধ’ আর যশোরের ‘ভরত-ভয়না’।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক স্বাধীন সেন জানান, বর্গাকার কাঠামোটির চারদিকে এক মিটার প্রশস্ত প্রদক্ষিণ পথ রয়েছে। পরবর্তী সময়ে প্রদক্ষিণ পথটি বন্ধ করে একটি ২ দশমিক ২০ মিটার দীর্ঘ ও ১ দশমিক ৩০ মিটার প্রস্থবিশিষ্ট ছোট কক্ষ তৈরি করা হয়েছিল। এই কক্ষটি মূর্তি রাখার জন্য ব্যবহূত হতো, নাকি অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিক পর্যালোচনায় মনে হয়, স্থাপত্য কাঠামোটির কাঠামোগত পরিকল্পনা চারবার পরিবর্তিত হয়েছিল। স্বাধীন সেন প্রথম আলোকে বলেন, ‘খনন করা অংশ থেকে সংগৃহীত চারকোল নমুনার ‘তেজস্ক্রিয় কার্বন ১৪ পরীক্ষা’র মাধ্যমে বিশ্লেষণ করে যে সময়কাল জানা গেছে, তাতে করে এই অনন্য স্থাপত্যটি অষ্টম-নবম শতকে নির্মিত।’তিনি আরও জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও পূর্ব ভারতীয় স্থাপত্য বিষয়ে বিশেষজ্ঞ দীপক রঞ্জন দাশের সঙ্গে এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ নাগের সঙ্গে স্থাপত্যটির প্রকৃত চরিত্র এবং এর রূপান্তর নিয়ে কয়েকবার আলোচনা হয়েছে। সব শুনে তাঁরা সিদ্ধান্তে এসেছেন, ওই স্থাপনাটি একটি বৌদ্ধ স্তূপ-মন্দির। তিনি বলেন, প্রত্ন-কাঠামোটির গুরুত্ব বিবেচনা করে এটি সরকারিভাবে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কয়েকবার চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু প্রত্নস্থানটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্তূপ-মন্দিরটি বর্তমানে বন বিভাগের মালিকানাভুক্ত জমিতে অবস্থিত।সরেজমিনে দেখা গেছে, স্থাপত্যটি চরকাইয়ে সরকারিভাবে সংরক্ষিত চোর চক্রবর্তীর ধাপ প্রত্নস্থানের উত্তর-পূর্বদিকে তিন কিলোমিটার দূরে করতোয়া নদীর একটি আদি প্রবাহপথে (স্থানীয়ভাবে এটিকে বলে আশুড়া বিল নদীর পাড়) অবস্থিত। বৌদ্ধ স্তূপ-মন্দিরটির এলাকা বিভিন্ন বিদেশি প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছে ঘেরা। চরকাই বিট কর্মকর্তা মো. সামছুল আলম জানান, মন্দির এলাকাটির জমির পরিমাণ পাঁচ শতক। এটির মালিক বন বিভাগ। ২০০৮ সালে এসব গাছ লাগানো হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একাধিক শিক্ষক আশঙ্কা প্রকাশ করে প্রথম আলোকে বলেন, অচিরেই এসব গাছ তুলে ফেলা না হলে শিকড় মন্দিরটির অবকাঠামো নষ্ট করে ফেলবে।দিনাজপুর বন বিভাগের সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এলাকা ঘুরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। অনুমতি পেলেই গাছগুলো তুলে ফেলা হবে।বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান জানান, স্থানটি পরিদর্শন করেছেন তিনি। অচিরেই এটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।