বনায়নের নামে পাউবোর সম্পত্তিতে মাদ্রাসা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বন্দরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি পরিত্যক্ত ভবন দখল করে চালু করা হয়েছে মাদ্রাসা। শুধু তাই নয় বনায়নের নামে ইজারা নিয়ে পাউবোর জমিতে লাগানো হয়েছে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স নামের একটি সাইনবোর্ড। কয়েক কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি এভাবে বেহাত হতে চললেও দখলমুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।সরেজমিনে ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কিছু লোক ২০০৮ সালে পাউবোর ওই সম্পত্তি ও পরিত্যক্ত ভবন দখলে নেয়। এরপর পরিত্যক্ত ভবনে শুরু করে দারুস ছুন্নত ছালেহিয়া নামের একটি মাদ্রাসার কার্যক্রম। মাদ্রাসাসংলগ্ন প্রায় ছয় একর জায়গা দখলে নিয়ে খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স নামের একটি সাইনবোর্ড টানানো হয়। খানকায়ে ছালেহিয়ার সেক্রেটারি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, তাঁরা পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বনায়নের জন্য এ জমি সাত বছরের জন্য ইজারা নিয়েছেন। বনায়নের জন্য ইজারা নিয়ে মাদ্রাসা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদ্রাসা চালালেও সামনে বনায়ন করার পরিকল্পনা আমাদের আছে।’পাউবো পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ওই জায়গাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। সেখানে অসামাজিক কর্মকাণ্ড হতো। এ অবস্থায় আবদুল গাফফার মৃধা নামের এক ব্যক্তি বনায়নের জন্য ইজারা চেয়ে আবেদন করলে শুধু বনায়নের জন্য ২০০৮ সালে ইজারা দেওয়া হয়। পাউবো পটুয়াখালী কার্যালয়ের সার্ভেয়ার মো. নুরুল হক বলেন, ইজারার চুক্তিতে বলা আছে চুক্তির বাইরে অন্য কিছু করা যাবে না।ইজারাগ্রহীতা আবদুল গাফফার মৃধা বলেন, ‘আমি খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের নামে শুধু জমি ইজারা নিয়েছি, এ পর্যন্তই। স্থানীয় লোকজন মাদ্রাসা চালায়। এ ব্যাপারে মাদ্রাসা উন্নয়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ভালো বলতে পারবেন।’ মো. নুরুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘মাদ্রাসা না, আসলে ছোট একটি মক্তব চালু আছে। এতে তো কোনো সমস্যা দেখছি না।’এ ব্যাপারে পাউবো কলাপাড়ার উপসহকারী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম বলেন, ‘আমিও শুনেছি কেউ একজন ওই জমি বনায়নের জন্য ইজারা নিয়েছেন। সরকারি সম্পত্তিতে কোনোভাবেই মাদ্রাসার কার্যক্রম চলতে পারে না। অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ষাটের দশকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর বন্দরে প্রায় নয় একর জমি অধিগ্রহণ করে পাউবোর নিজস্ব কার্যালয় ও কোয়ার্টার নির্মাণ করা হয়। কমপক্ষে ২৫ বছর আগে ওই কার্যালয়টি গুটিয়ে ফেলা হয়। এরপর থেকে পড়ে থাকে জমি ও ভবনগুলো।