বনায়নের বাঁশ বিক্রির টাকার ভাগ পাননি উপকারভোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের পুটিছড়া বিটে বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন হিসেবে বাঁশবাগান করা হয়। পরে ওই বাগানের বাঁশ বিক্রি হয়ে যায়। কিন্তু বাগান দেখাশোনায় নিয়োজিত দরিদ্র উপকারভোগীরা তাঁদের ভাগের টাকা পাননি বলে অভিযোগ উঠেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৩-০৪ অর্থবছরে পুটিছড়া বিটের ১০ হেক্টর জায়গায় ‘জাই’ জাতের বাঁশবাগান করা হয়। ওই বাগান দেখাশোনায় পাশের উত্তর বড়ডহর গ্রামের ১০ জন দরিদ্র ব্যক্তিকে উপকারভোগী নিয়োগ করা হয়। প্রত্যেক ব্যক্তির নামে এক হেক্টর জায়গা বরাদ্দ হয়। ২০১০ সালের দিকে বন বিভাগ বাগানের আট হাজার বাঁশ বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। পরে উপজেলা সদরের এক ব্যবসায়ীর কাছে এক লাখ ২০ টাকায় তা বিক্রি করা হয়। সামাজিক বনায়নের নিয়ম অনুযায়ী, বাঁশ বিক্রির টাকার ৪৫ শতাংশ সরকার ও ৪৫ শতাংশ উপকারভোগীরা পাবেন। আর বাকি ১০ শতাংশ দ্বিতীয় দফায় চারা লাগানো বাবদ ব্যয় হওয়ার কথা। এ ছাড়া বনায়নের নির্ধারিত স্থানের জঙ্গল পরিষ্কার ও চারা কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দ করা হয়।
বাগানের উপকারভোগী মো. সোনা মিয়া, রহুল আমিন, মনফর আলীসহ আরও কয়েকজন অভিযোগ করেন, বাগান করার আগে উপকারভোগী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে পুটিছড়ার তৎকালীন বিট কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) আবুল কাসেম তাঁদের কাছে জনপ্রতি দেড় হাজার টাকা করে দাবি করেন। ধারদেনা করে ও গবাদিপশু বিক্রির টাকা দিয়ে তাঁরা সে দাবি মেটান। এরপর বাগান করার জন্য জঙ্গল পরিষ্কার করতে তাঁদের আরও ৫০ হাজার টাকা ব্যয় হয়। এমনকি বাঁশের চারাও তাঁরা কিনে আনেন। একপর্যায়ে আবুল কাসেম অন্যত্র বদলি হয়ে যান। তাঁর স্থলে যোগ দেন আবু ইউনুছ। পরে ওই কর্মকর্তা তাঁদের না জানিয়ে বাগানের বাঁশ বিক্রি করে ফেলেন।
উপকারভোগীরা ক্ষোভের সঙ্গে জানান, বাঁশ বিক্রির টাকা থেকে নিজেদের ভাগ পেতে তাঁরা একাধিকবার বিট কর্মকর্তা আবু ইউনুছের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। তাঁরা অভিযোগ করেন, আট হাজার বাঁশ বিক্রির দরপত্র আহ্বান করলেও বিক্রি করা হয় প্রায় ১৫ হাজার বাঁশ৷ অতিরিক্ত বাঁশ বিক্রির টাকা সরকারের ভান্ডারেও জমা হয়নি৷
দুই বছরের দাপ্তরিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করতে আবু ইউনুছ বর্তমানে সিলেট বন বিদ্যালয়ে অবস্থান করছেন। বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। আগের বিট কর্মকর্তা আবুল কাসেমের বর্তমানে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। তাঁর মুঠোফোনের নম্বর পাওয়া যায়নি।
এ ব্যাপারে কথা বলার পর জুড়ী-১ রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা মো. শফি উদ্দিন খোঁজখবর নিয়ে সম্প্রতি প্রথম আলোকে জানান, তৎকালীন রেঞ্জ কর্মকর্তা এস এম হারুন উপকারভোগীদের অংশের টাকা সরকারের রাজস্ব তহবিলে জমা দিয়ে ফেলেন। সে কারণে উপকারভোগীরা বঞ্চিত হন। এ কাজটি মোটেই ঠিক হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছর পর পর বাঁশ কাটা ও বিক্রি হয়। ভবিষ্যতে বাগানের বাঁশ বিক্রি হলে ওই উপকারভোগীরা যাতে তাঁদের প্রাপ্য টাকা পান সে ব্যাপারে তিনি সজাগ থাকবেন। আর দরিদ্র উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।