বনিয়াচংয়ে জাল পাসপোর্ট তৈরি চক্রের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল পাসপোর্ট তৈরির কাজে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি), বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন ইউপি চেয়ারম্যানের পদবিসংবলিত নকল সিল, তাদের জাল স্বাক্ষরযুক্ত কাগজপত্র, নকল জন্মনিবন্ধন ফরম ও কয়েকটি জাল পাসপোর্ট উদ্ধার করেছে। ওই ট্রাভেল এজেন্সির এক কর্মচারীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বানিয়াচং উপজেলার সৈদরটুলা গ্রামের রিয়াদ খানের পাসপোর্ট তৈরির কাজে ব্যবহূত নকল কাগজপত্র পুলিশের হাতে পৌঁছায়। স্থানীয় বড়বাজারের বসুন্ধরা ট্রাভেলসের মালিক অমিত বিশ্বাস ওই পাসপোর্টটি তৈরি করছিলেন।পুলিশ অনুসন্ধান চালিয়ে দেখতে পায়, বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান ২০০৯ সাল থেকে বানিয়াচং থানায় কর্মরত থাকা সত্ত্বেও গত ২ ফেব্রুয়ারি এ থানা থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সৈয়দ বদরুল আমিনের নামে সিল স্বাক্ষরযুক্ত কাগজপত্র ইস্যু করা হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপারের নকল কাউন্টার স্বাক্ষর ও সিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সিল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ইস্যু করা হয়েছে। এসব তথ্যের সূত্র ধরে গতকাল বসুন্ধরা ট্রাভেলসে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে মালিক অমিত বিশ্বাস সটকে পড়ে। তবে সেখান থেকে লিটন চন্দ্র গোপ (২০) নামে তাঁর এক কর্মচারীকে আটক করা হয়।পুলিশ এ সময় কয়েকজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার নাম ও পদবিযুক্ত নকল সিল, নকল জন্মনিবন্ধন ফরম, থানা ছাড়পত্রের নকল ফরম ও চারটি জাল পাসপোর্ট উদ্ধার করে।জাল পাসপোর্ট তৈরির ব্যাপারে অমিত বিশ্বাসের বিরুদ্ধে অনেক আগে থেকে অভিযোগ থাকলেও পুলিশ রহস্যময় কারণে নীরব ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তিনি জানান, পলাতক অমিত বিশ্বাসের সঙ্গে একটি বড় জালিয়াত চক্র রয়েছে।