বনে ফিরে গেল দুর্লভ গন্ধগোকুল
কালচে-ধূসর লেজ, সুচালো মুখ, কালো পা আর রোমশ শরীরের গন্ধগোকুলটি বন থেকে লোকালয়ে এসে পড়েছিল। গ্রামের শিশু–কিশোরদের ছোড়া ইটের আঘাতে আহত প্রাণীটি একটু হলেই মরতে বসেছিল। তবে কয়েকজন গ্রামবাসী তৎপর হয়ে উদ্ধার করেন প্রাণীটিকে। বন বিভাগের লোকজনকেও খবর দেন তাঁরা। সেবা-শুশ্রূষা পেয়ে সুস্থ হয়ে আবার বনে ফিরে গেছে দুর্লভ এই প্রাণী। ৯ ফেব্রুয়ারি দুপুরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের পূর্ব মাদারবড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় তরুণ মোহাম্মদ মুরাদ বলেন, শিশুদের ছোড়া ইটের আঘাতে গন্ধগোকুলটি গাছ থেকে পড়ে গেলে তিনিসহ কয়েকজন দেখতে পান। এরপর তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও বন বিভাগের লোকজনকে খবর দেন। গাছ থেকে পড়ে বন্য প্রাণীটি মাথায় আঘাত পেয়েছিল। আঘাতের স্থান থেকে রক্তও ঝরছিল। ওই দিন বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আরিফ উদ্দিন ও উপজেলার বড়দুয়ারা বন বিটের কর্মকর্তা রইছ উদ্দিন আসেন প্রাণীটিকে দেখতে। তাঁরা জানান, প্রাণীটি বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল বা সিভিট। এরপর তাঁরা প্রায় ঘণ্টাখানেক প্রাণীটিকে চিকিৎসা দিয়ে বনে ছেড়ে দেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, গ্রামের বয়স্ক ব্যক্তিরা না দেখলে শিশু-কিশোরদের হামলায় বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুলটি মারা যেত। স্থানীয় লোকজনের সচেতনতার কারণে প্রাণীটি প্রাণে রক্ষা পেয়েছে।
ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, ধরাপড়া প্রাণীটি পূর্ণবয়স্ক, লম্বায় প্রায় সাড়ে তিন ফুট। এ ধরনের প্রাণীরা নিশাচর, এরা রাতে খাবারের খোঁজে বের হয়। এ প্রজাতির প্রাণী প্রায় ১৫ বছর পর্যন্ত বাঁচে। এরা সর্বভুক। মাংস, ফলমূল ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। পাহাড়ি এলাকার আশপাশের ঝোপ-জঙ্গলে বসবাস এদের। বাংলাদেশে প্রাণীটি বর্তমানে দুর্লভ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, আহত গন্ধগোকুলটিকে ঘণ্টাখানেক চিকিৎসা দেওয়া হয়েছে। এতে প্রাণীটি সুস্থ হয়ে ওঠে এবং খাবারও খায়।
বড়দুয়ারা বন বিটের কর্মকর্তা মো. রইছ উদ্দিন বলেন, গন্ধগোকুলটিকে উদ্ধারের পর সেই দিনই সন্ধ্যায় পূর্ব মাদারবাড়ির গ্রামের পাশের পাহাড়ে ছেড়ে দেওয়া হয়েছে।