বনের গাছ কাটা হয় বিট কর্মকর্তার জ্ঞাতসারেই!
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিট কর্মকর্তার জ্ঞাতসারেই সংরক্ষিত বনের গাছ কাটা পড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বন বিভাগের হেডম্যান গিয়াস উদ্দিন এ গাছ কাটায় নেতৃত্ব দেন। সম্প্রতি টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বন কর্মকর্তা ও বনদস্যুর মধ্যে মারামারিও হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট স্টেশনের উত্তর পাশে জিরানিহলা-বটগাছতলা এলাকা থেকে পূর্বদিকে সংরক্ষিত বনে ঢুকে দেখা যায়, ওই বনায়নটি সৃজন করা হয়েছিল ১৯৫৫ সালে। সেখান থেকে গত এক মাসে কাটা পড়েছে অন্তত এক শ গর্জন ও সেগুন গাছ। কিছু গাছের মোথা আছে আবার অধিকাংশ কাটা গাছের মোথা খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এ বাগানের একটি গর্জন বা সেগুন গাছের আনুমানিক মূল্য ৩০-৪০ হাজার টাকা। বন বিভাগের হেডম্যান গিয়াস উদ্দিন নিবিড় তত্ত্বাবধানে ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. মামুন মিয়ার জ্ঞাতসারেই বনায়ন থেকে এসব গাছ কাটছে বনদসূ্৵রা।
হেডম্যান গিয়াস উদ্দিন অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘একটা পদে আছি, যখন যে কেউ-ই অভিযোগ করতে পারেন। কিন্তু সত্য নাকি মিথ্যা সেটা যাচাই-বাছাই করতে হবে। আপনারা (সাংবাদিক) ও আমরা একে অপরকে সহযোগিতা না দিলে কি থাকা সম্ভব?’
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন, যখন সংরক্ষিত বনের ভেতরে গাছ কাটা হয় তখন বিট কর্মকর্তা মামুন মিয়া মহাসড়কের পাশে বন বিভাগের নির্মিত টং ঘরে বসে থাকেন। এতে নির্বিঘ্নে গাছ কেটে ট্রাক ভর্তি করে বনদস্যুরা। এসব গাছ বিক্রি করা হয় মৌলভীরকুম ও ঈদগাঁও এলাকার কয়েকটি করাতকলে।
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা মো. মামুন মিয়া তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব ঢাহা মিথ্যা কথা। ডাকাত ও বনদস্যুদের বিরুদ্ধে মামলা এবং অবৈধ দখল উচ্ছেদ করার পর থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে।’
জানা গেছে, ১২ জুলাই রাতে ও ১৩ জুলাই সকালে বনবিট কর্মকর্তা মামুন মিয়া ও বনদস্যুদের মধ্যে টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি হয়। এ ঘটনায় ওই বনকর্মকর্তা বাদী হয়ে ১০ জন বনদসু৵র বিরুদ্ধে মামলাও করেন।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মামুন মিয়া তো লোক ভালো! চোরেরা তাঁকে মেরে থেঁতলে দিয়েছে আর এখন অভিযোগ শুনতে হচ্ছে মামুন মিয়ার বিরুদ্ধে।’