বনের গাছ কাটার দায়ে ১৩ ব্যক্তির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের বাগান থেকে গাছ কাটার দায়ে পটুয়াখালীর গলাচিপায় ১৩ ব্যক্তির প্রত্যেককে এক বছর তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে বন বিভাগের অনুকূলে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক গতকাল সোমবার এ আদেশ দেন।বন বিভাগের পটুয়াখালীর গলাচিপা রেঞ্জের চরআগস্তি ক্যাম্পের কাছে চরআগস্তি মৌজায় বন বিভাগের ৯ দশমিক ৮ একর কেওড়াবাগান থেকে ২০০৬ সালের ৮ সেপ্টেম্বর চরবিশ্বাস, দক্ষিণ চরবিশ্বাস ও চরআগস্তি গ্রামের ১৩ ব্যক্তি ২১ হাজার ৬০০টি কেওড়া চারা কেটে ফেলেন। এতে বন বিভাগের চার লাখ ৩২ হাজার টাকা ক্ষতি হয়। ওই ঘটনায় বন বিভাগের চরআগস্তি ক্যাম্পের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউছুব আলী বাদী হয়ে ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর আদালতে চরবশ্বািস গ্রামের মো. নজরুল ইসলাম ডাক, আ. রাজ্জাক ডাক, মো. হারুন ডাক, মো. রফিক ডাক, দক্ষিণ চরবিশ্বাস গ্রামের মো. দেলোয়ার হোসেন, মো. শাহজাহান বেপারী, মো. ফারুক পেয়াদা, মো. আনছার বেপারী, কালাম হাওলাদার, দোলন মাতব্বর এবং চরআগস্তি গ্রামের মো. শাহ আলম দালাল, লিটন দালাল ও আলাউদ্দিন হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন।একপর্যায়ে মামলাটির বিচার বিভাগীয় তদন্ত করেন তৎকালীন উপজেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। গতকাল সোমবার মামলাটির রায়ের জন্য নির্ধারিত তারিখে ১৩ জন আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নূরুজ্জামান।মামলার রায়ের আদেশে ১৩ জন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পটুয়াখালী বন বিভাগের অনুকূলে প্রত্যেক আসামিকে ১০ হাজার করে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে এক বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।মামলাটি পরিচালনা করেন বন বিভাগের পক্ষে গলাচিপা রেঞ্জের সহকারী বন মামলা পরিচালক মো. রেজাউল করিম এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট মো. সুলতান নাসির উদ্দিন।