বনের গাছ কেটে নিচ্ছে চোর চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পায়রা নদীর তীরবর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে বন বিভাগের অর্থায়নে রোপণ করা শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ চোর চক্র প্রতি রাতেই গাছগুলো কেটে সাবাড় করছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
আমতলী বন বিভাগ সূত্রে জানা গেছে, উপকূলীয় সবুজ বেষ্টনী কর্মসূচির আওতায় ১৯৯৫-৯৬ সালে বন বিভাগের অর্থায়নে সমবায়ের ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দপ্তর থেকে বৈঠাকাটার নদী মোহনা পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়। রোপণ করা গাছের ৫৫ শতাংশের মালিক স্থানীয় উপকারভোগী সমিতির সদস্যরা, ১০ শতাংশের মালিক বন বিভাগ, ১০ শতাংশের মালিক ট্রি ফার্মিং ফান্ড, ২০ শতাংশের মালিক পাউবো এবং ৫ শতাংশের মালিক স্থানীয় ইউনিয়ন পরিষদ।
এলাকার দরিদ্র মানুষকে আর্থিকভাবে সচ্ছল, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য সরকার এ প্রকল্প হাতে নেয়।
স্থানীয় উপকারভোগী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম অভিযোগ করেন, সংঘবদ্ধ চোর চক্র প্রতি রাতেই গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে।
এ ব্যাপারে বন বিভাগকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।
বন বিভাগের আমতলী রেঞ্জের বন কর্মকর্তা মো. সেলিম মিয়া জানান, ঘূর্ণিঝড় মহাসেনের পর থেকে এ পর্যন্ত চোর চক্র রাতের আঁধারে বহু গাছ কেটে নিয়ে গেছে। চক্রটি প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় থাকায় উপকারভোগী সমিতির সদস্যরা কোনো ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেন না।
তিনি আরও জানান, উপকারভোগী ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে অভিযান চালিয়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে আমতলী ওয়াপদা অফিসের পেছনের জলাশয় থেকে বিভিন্ন প্রজাতির ১৭টি দামি গাছ জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।