বনের গাছচোর শনাক্ত, ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বন বিভাগের মধ্যপাড়া রেঞ্জের ভবানীপুর বন বিটের ২১টি মূল্যবান শালগাছ চুরির ঘটনায় চোর শনাক্ত হয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি।প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার ভবানীপুর বন বিটের শেরপুর মৌজার শেরপুর (দক্ষিণ) বনাঞ্চল থেকে বন বিভাগের তালিকাভুক্ত ঠিকাদার সুজা, রানা ও হবিবর লোকজন নিয়ে এসে ওই শালগাছ কেটে নিয়ে যান।বনাঞ্চল এলাকার পশ্চিম শেরপুর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, করাত দিয়ে গাছ কাটার পর চোরেরা দুটি ট্রাক্টরে করে সেগুলো নিয়ে যায়।ভবানীপুর বন বিটের বন প্রহরী হবিবর রহমান জানান, এই বনাঞ্চল তদারকের দায়িত্বে রয়েছেন মাত্র দুজন বন প্রহরী ও একজন বিট কর্মকর্তা। এ কারণে চুরির ঘটনা ঘটছে।বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, সুজা, রানা ও হবিবরের গাছ চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের সহযোগিতায় চুরি যাওয়া কিছু গাছ ১ সেপ্টেম্বর উদ্ধারও করা হয়েছে।হাবড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান জানান, বন বিভাগের জনবল কম থাকায় গাছ চুরি ঠেকানো যাচ্ছে না।মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুর রকিব সরকার বলেন, গাছ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, তাঁদের বিরুদ্ধে বন বিভাগের আইন অনুযায়ী মামলা করা হবে।