বনের গাছের ডাল কেটে তরমুজখেতের বেড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছের ডাল নির্বিচারে কাটা হচ্ছে। স্থানীয় লোকজন নানা প্রয়োজনে এগুলো কেটে নিয়ে যাচ্ছে। বন বিভাগ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে গাছগুলো মরে যাবে এবং পরিবেশ হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়া উপজেলার গঙ্গামতী ও ধুলাসার ইউনিয়নের কাউয়ারচর, চরচাপলি এলাকাসহ কুয়াকাটা উপকূলে এখন তরমুজ চাষের মৌসুম চলছে। তরমুজ রক্ষার জন্য গাছের ডাল কেটে নিয়ে খেতের চার পাশে বেড়া দিচ্ছেন চাষিরা। এ ছাড়া এসব ডাল অনেকেই জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মাহবুব রব্বানী বলেন, গাছের ডাল আলো ও বাতাসের দিকে বৃদ্ধি পায় এবং খাবার তৈরি করে গাছকে বাঁচিয়ে রাখে। ব্যাপকভাবে ডাল কাটলে গাছ মরে যাওয়ার আশঙ্কা থাকে। এভাবে গাছ মরতে থাকলে বনেরও ক্ষতির আশঙ্কা থাকে।বন বিভাগ মহীপুর রেঞ্জ অফিস জানায়, ১৯৬৫ সাল থেকে কুয়াকাটার গঙ্গামতী এলাকায় ৫০০ একর বনায়নের কাজ শুরু হয়। এখানে তিন লাখেরও বেশি গাছ আছে। এ ছাড়া ধুলাসারে ৩০০ একর বনে দেড় লাখেরও বেশি গাছ আছে। এসবের মধ্যে কড়ই, তেঁতুল, রাম-তেঁতুল, গেওয়া, কেওড়া, আকাশমণি ও বলাই প্রজাতির গাছই বেশি।গত ৫ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা যায়, গঙ্গামতী ও চরচাপলি এলাকার বনের ভেতর থেকে গাছের ডাল কেটে মাথায় করে বাইরে আসছেন কয়েকজন। কাউয়ারচর এলাকার তরমুজচাষি মো. নূর হোসেন বলেন, ‘রাইতে শিয়াল-শূকর হাইন্দ্যা (ঢুকে) খেত নষ্ট কইর্যা হালায়। হেল্লিগ্যা খেত রক্ষা করতে বেড়া দেতে হয়। জঙ্গল থেইক্যা কচা কাইট্যা হেইয়া দিয়া বেড়া দেই।’ কাউয়ারচর এলাকার তরমুজচাষি মো. বেল্লাল আকন বলেন, কাউয়ারচর-গঙ্গামতী এলাকায় শতাধিক তরমুজচাষি আছেন। তাঁদের প্রত্যেকেই বনের ভেতর থেকে ছোট-বড় গাছের ডাল কাটেন। কুয়াকাটা বন বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা খন্দকার ইয়াকুব আলী জানান, জনবল কম থাকায় বিশাল বনাঞ্চল একসঙ্গে নজরে রাখা সম্ভব হয় না। গাছের ডাল কাটা বেআইনি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।