বনের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশ গতকাল রোববার এ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায়।
উপজেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের আওতাধীন পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় সম্প্রতি একটি দালাল চক্র বনকর্মীদের যোগসাজশে বন বিভাগের জমি দখল করে। সেখানে অর্ধশতাধিক দোকানসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। গতকাল দুপুরে ইউএনও হাবিবুর রহমানের নেতৃত্বে ও কালিয়াকৈর থানা-পুলিশের সহায়তায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইউএনও ছাড়াও উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক (গাজীপুর) আবদুস সালেক প্রধান, কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ও কাচিঘাটা রেঞ্জ কর্মকতা এ কে এম মহিউদ্দিন আহম্মেদ। এ ঘটনায় সাত অবৈধ দখলদারকে আসামি করে বন আদালত, গাজীপুর ও কালিয়াকৈর থানায় পৃথক মামলা করা হয়।
ইউএনও হাবিবুর রহমান বলেন, বন বিভাগের জমি থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় সরকারের কোটি টাকার সম্পত্তি উদ্ধার হলো। তবে কোনো বনকর্মীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ না থাকায় মামলায় তাঁদের কাউকে আসামি করা যায়নি।