বনের জমি দখল, অলিখিত ইজারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় বন বিভাগের দেবীগঞ্জ রেঞ্জের বটেশ্বরী বিটের প্রায় ১০০ বিঘা জমি দখল করেছেন স্থানীয় ব্যক্তিরা। গাছ কেটে বর্তমানে ওই জমি চাষাবাদসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের ওই রেঞ্জ কর্মকর্তা আবদুল মজিদ কয়েক লাখ টাকার বিনিময়ে ওই জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অলিখিত ইজারা দিয়েছেন।সরেজমিনে দেখা গেছে, বড়শশী ইউনিয়নে কোনাবালাপাড়ায় বন বিভাগের কিছু জমির সরকারি গাছ কেটে আবাদযোগ্য করে স্থানীয় লোকজন নানা ধরনের ফসলের চাষ করছেন, কিছু কিছু জমিতে গড়ে তোলা হয়েছে নার্সারি। এমনকি বন বিভাগের জমিতে রীতিমতো ঘরবাড়ি তুলে ফেলেছেন কেউ কেউ। এ রকম প্রায় ১০০ বিঘা জমি দখল করেছেন প্রায় অর্ধশত ব্যক্তি। বন বিভাগ সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ রেঞ্জের বটেশ্বরী বিটের বড়শশী মৌজায় বন বিভাগের ২০০ একর জমির কিছু কিছু অংশে গাছ লাগানো রয়েছে। অধিকাংশ জমিই ফাঁকা পড়ে ছিল। এলাকাবাসী অভিযোগ করেছেন, বন কর্মকর্তা ও স্থানীয় দালালদের সহযোগিতায় দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা অর্থের বিনিময়ে এ জমি অলিখিতভাবে ইজারা দিয়েছেন। এসব বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। জমি বেদখল হয়ে যাওয়ার ব্যাপারে স্থানীয় থানাগুলোতে কোনো মামলাও করেনি বন বিভাগ।ঘুষ নিয়ে বন বিভাগের জমি অলিখিত ইজারা দেওয়ার অভিযোগ অস্বীকার করে দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা আবদুল মজিদ বলেন, মামলা-মোকদ্দমার কারণে কিছু মানুষ জোরপূর্বক বন বিভাগের জমি দখল করেছে। আর কিছু জমি সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সুবিধাভোগী সদস্যরা ভোগদখল করছেন। তিনি বটেশ্বরী বিটের বড়শশী মৌজার বন বিভাগের ২০০ একর জমির অধিকাংশ বেদখল হওয়ার কথা স্বীকার করে বলেন, এসব জমি উদ্ধারের চেষ্টা চলছে।