বনের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের জমিতে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পাকা ভবনের মালিক মুছা মিয়াসহ দারিপাকা গ্রামের তিন ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় বন বিভাগ উচ্ছেদ মামলা করেছে। এদিকে বন বিভাগের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার দারিপাকা গ্রামে ৪০৮ দাগে বন বিভাগের ৫৩০ একর জমি রয়েছে। ওই দাগে ওই গ্রামের পোলট্রি ব্যবসায়ী মুসা মিয়া বন আইন লঙ্ঘন করে ৬ শতাংশ জমির ওপর তিনতলা পাকা ভবন নির্মাণ করছেন।
বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের কর্মকর্তা (আরও) আতাউল মজিদ বলেন, বন আইনে বনের জমিতে স্থায়ীভাবে স্থাপনা (পাকা ভবন) করা সম্পূর্ণ নিষেধ। ওই ভবনসহ ওই গ্রামের আরও দুটি একতলা পাকা বাড়ি ভাঙার জন্য এরই মধ্যে কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে।
তবে কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘আমার ইউনিয়নে বন বিভাগ অহেতুক হয়রানি করছে। বনের দাবি করা ওই ৫৩০ একর জমিতে একটি প্রাথমিক ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, একটি বাজার, সাতটি মসজিদ ও পাকা-কাঁচা মিলিয়ে পাঁচ শতাধিক বসতবাড়ি আছে।’
বন বিভাগের কচুয়া বিট কর্মকর্তা আলাল খান বলেন, ওই ভবনটি স্বেচ্ছায় সরিয়ে নিতে মুছা মিয়াকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছে। কিছুদিন আগে বন আদালতে ওই ভবন ভাঙার অনুমতি চেয়ে মামলা করা হয়েছে। আদালতের আদেশ পেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
মুছা মিয়া বলেন, ‘আমি যে জমিতে পাকা ভবন করেছি, ওই জমি আমি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ বছর আগে কিনেছি। আমি উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে মামলা করেছি।’