বনের জায়গায় অবৈধ কল
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বন বিভাগের জায়গায় পরিচালিত হচ্ছে পাথর ভাঙার দুই শতাধিক অবৈধ কল। ‘টমটম’ নামে পরিচিত এসব অবৈধ কলে যত্রতত্র পাথর ভাঙায় জাফলংসহ আশপাশের এলাকার নির্মল প্রকৃতি হুমকির মুখে পড়লেও বন বিভাগসহ স্থানীয় প্রশাসন নির্বিকার থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী জানান, প্রকৃতি-কন্যাখ্যাত জাফলং এলাকায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করায় প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের জন্য আকর্ষণীয় ছিল। এ অবস্থায় পাথর উত্তোলনযন্ত্র ও পাথর ভাঙায় কলের ব্যবহার বেড়ে যাওয়ায় প্রাকৃতিক পরিবেশের বদল ঘটছে। কলগুলোর বৈধতা না থাকার পরও প্রশাসনের নির্বিকার ভূমিকা জাফলংবাসীকে বেশি ক্ষুব্ধ করে তুলেছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।জানা গেছে, জাফলংয়ে যেসব ফাঁকা জায়গা আছে, তার পুরোটাই বন বিভাগের। এসব জায়গায় কল বসালে বন বিভাগের পক্ষ থেকে আপত্তি দেওয়া হলেও স্থানীয়ভাবে প্রভাবশালীদের হস্তক্ষেপে ওই আপত্তি আর টেকে না। তখন বন বিভাগের সঙ্গে যোগসাজশের মাধ্যমে পরিচালিত হয় অবৈধ কলগুলো। জাফলং এলাকায় বন বিভাগের জায়গায় পরিচালিত কলগুলোর জন্য মালিকপক্ষের কাছ থেকে মাসিকভিত্তিক টাকা নিচ্ছে বন বিভাগের পক্ষে একশ্রেণীর লোক।কল পরিচালনায় থাকা শ্রমিকেরা জানান, কল মালিকদের কাছ থেকে ‘টমটম’ পরিচালনায় ২০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। বন বিভাগের জায়গায় অবৈধ কল থাকার কথা স্বীকার করলেও মাসিক টাকা নেওয়ার বিষয়টি বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা অস্বীকার করছেন। তাঁদের ভাষ্য—অবৈধ কল উচ্ছেদে পুলিশ ও প্রশাসন কোনো সহযোগিতা করে না।জাফলং বন বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ নিয়ে অন্তত ২০টি মামলা করা হয়েছে। কিন্তু কল মালিকদের বেপরোয়া আচরণে বন বিভাগ অসহায় হয়ে পড়ে।বন বিভাগের উত্তর সিলেট রেঞ্জ-২-এর কর্মকর্তা মো. এনায়েতুর রহমান খান বলেন, ‘কল মালিকেরা নিষেধ না শুনলে আমাদের কী করার আছে! সংশ্লিষ্ট থানা-পুলিশের সহযোগিতা চেয়েছি। কিন্তু থানা-পুলিশও কোনো ধরনের সহযোগিতা করছে না।’বন বিভাগের এমন ঢালাও অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ মিয়া বলেন, ‘বন বিভাগের মামলায় এ পর্যন্ত অনেক আসামি আটক হয়েছে এবং পলাতকদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।’গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, পাথর ভাঙার কলগুলো অবৈধ। কল পরিচালনাও হচ্ছে বন বিভাগের জায়গায়। এ অবস্থায় বন বিভাগের কর্মকর্তারা উপজেলা প্রশাসনের সহযোগিতা চাইলে উচ্ছেদ অভিযানসহ আইনি সব সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন।