বনের জায়গায় অবৈধ বাজার
দিনাজপুর বন বিভাগের নবাবগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা ও মালী আর্থিক সহায়তা নিয়ে বন বিভাগের জায়গায় অবৈধভাবে বাজার গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বামনগড় মৌজার মহাজেরপুর এলাকায় চৌরাস্তার মোড়ে একটি বাজার গড়ে উঠেছে। বাজারে ৩০-৩৫টি দোকানঘর আছে। এলাকাবাসী ও দোকানদার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে একটি-দুটি করে দোকানঘর উঠতে উঠতে বর্তমানে এটি বাজারে রূপ নিয়েছে। এলাকায় এটি মহাজেরপুর বাজার নামে পরিচিতি পেয়েছে।মহাজেরপুর গ্রামের আবুল কালাম (৫৫) জানান, বাজারের পুরো জমি বন বিভাগের। গত এক মাসে বাজারে বেশি ঘর উঠেছে। নবাবগঞ্জ উপজেলার হরিপুর বিটের কর্মকর্তা মো. মালেক মণ্ডল ও মালী আমিনুল ইসলাম কাঠাপ্রতি ২০ হাজার টাকা নিয়ে সেখানে ঘর তোলার অনুমতি দিয়েছেন। ওষুধের দোকানদার ইউনুছ আলী (২৫) জানান, বাজারে ঘরের জন্য মালী আমিনুল ইসলাম তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। আরেক ওষুধ ব্যবসায়ী হামিদুল ইসলাম (২২) জানান, তিনি মালিককে আট হাজার টাকা দিয়ে ঘরের কাজ শুরু করেছিলেন। দোকান চালু করার সঙ্গে সঙ্গে বাকি টাকা পরিশোধ করেছেন। মুদি দোকানদার আ. রশীদ (৪৫) জানান, মালী আমিনুলকে টাকা না দিয়ে এখানে কেউ ঘর তুলেননি। তবে তিনি আর্থিকভাবে অসচ্ছল এবং গুমটিঘর তৈরি করায় ছাড় পেয়েছেন। মহাজেরপুর বাজার কমিটির সদস্য স্থানীয় কৈবুর চাঁদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হালিম বলেন, ‘এলাকার মানুষের স্বার্থে সেখানে বাজার করা হয়েছে। তাই বাজার কমিটির পক্ষ থেকে বন বিভাগের লোককে খুশি মনে কিছু টাকা দেওয়া হয়েছে।’ হরিপুর বিটের মালী আমিনুল ইসলাম টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘বাজার কমিটি দোকানদারদের কাছ থেকে টাকা নিয়েছে।’ হরিপুর বিট কর্মকর্তা মালেক মণ্ডল বলেন, স্থানীয়রা ওই বাজার গড়ে তুলেছেন। কিন্তু শত্রুতা করে অনেকে বন বিভাগের কর্মচারীদের নামে অপবাদ দিচ্ছে। বন বিভাগের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রওশন আলী বলেন, ‘বাজারের দোকানদারেরা বিট কর্মকর্তা ও মালিকে টাকা দিয়ে মহাজেরপুর বন বিভাগের জায়গায় বাজার গড়ে উঠেছে বিষয়টি আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আ. মোতালেব স রকার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’