বনের তিন হাজার গাছ কাটায় তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলার বন বিভাগের ধর্মপুর বিটের তিন হাজারের বেশি গাছ কাটার ঘটনায় এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে। জ্ঞাত-অজ্ঞাত কয়েক শ আসামির মধ্যে ১২ জন জেলহাজতে আছে। আপাতত গাছ কাটা বন্ধ আছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত তিন রাতে এলাকার প্রভাবশালীরা গাছগুলো কেটে সাবাড় করেন।ধর্মপুর বিট কর্মকর্তা সাদেকুর রহমান জানান, ২৮ সেপ্টেম্বর রাতে কাটা হয় ২৫০টি গাছ। পরদিন পুলিশ ও বন বিভাগের কর্মীরা জব্দ করেন ৯৪টি। ওই দিনের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বিরল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে এক হাজার ৫১০টি গাছ কাটা হয়। পুলিশ জব্দ করে এক হাজার ৩০০ গাছ। ওই ঘটনায় ২ অক্টোবর ৪৬ জনের নাম উল্লেখ করে ২০০ গ্রামবাসীর নামে মামলা করা হয়। সর্বশেষ ৩ অক্টোবর রাত ১২টায় এক হাজার ৪০০ গাছ কাটা হয়। এ ঘটনায়ও থানায় মামলা হয়েছে।বন কর্মকর্তা ও স্থানীয়দের অভিযোগ, ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম, তাঁর ভাই আলমগীর হোসেনসহ তাঁদের পরিবারের সদস্যরাই গাছ কাটায় নেতৃত্ব দেন। ২০০-২৫০ মানুষ একসঙ্গে গাছ কাটায় অংশ নেন। বিট কর্মকর্তা সাদেকুর রহমান তাঁর কার্যালয়ের কর্মীদের নিয়ে গাছ কাটায় বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালীরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁরা পুলিশের ওপরও চড়াও হন।বন বিভাগ সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ধর্মজৈন মৌজার ২৯৪ নম্বর দাগে বন বিভাগের ৯২ একর জমি আছে। সিএস, এসএ ও বর্তমান জরিপেও বন বিভাগের নামে জমিগুলো রেকর্ড হয়েছে। যে গাছগুলো কাটা হয়েছে, এগুলোর বয়স প্রায় আট বছর। বন বিভাগের হিসাব অনুযায়ী গড়ে প্রতিটি গাছের দাম পাঁচ হাজার টাকা।অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘যে জমি থেকে গাছ কাটা হয়েছে, সেগুলো আমাদের পারিবারিক সম্পত্তি। জমির মালিকানার পক্ষে উচ্চতর আদালতের আদেশ আমাদের পক্ষে আছে।’ তবে গাছ কাটার সঙ্গে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি।মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার গতকাল জানান, সর্বশেষ ৮ অক্টোবরের মামলার ৫৪ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। গাছ কাটায় নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত থাকায় প্রধান আসামি আলমগীর হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন, রফিকউদ্দিন ও জসিম উদ্দিনকে জেলহাজতে পাঠান আদালত এবং বাকি ৫১ জনের জামিন দেন। এ নিয়ে বিরল উপজেলায় বন বিভাগের গাছ কাটার ঘটনায় ১২ জন আসামি বর্তমানে জেলহাজতে।