বনের পাশে ২৩ করাতকল আসবাবের ৭০ কারখানা
কক্সবাজারের মহেশখালী উপজেলার সংরক্ষিত পাহাড়ি বনের পাশে গড়ে উঠেছে ২৩টি করাতকল ও ৭০টি আসবাবের কারখানা। এসব করাতকলে সংরক্ষিত বনের গাছ চিরে নেওয়া হয় আসবাবের কারখানায়। সরকারি নীতিমালা অনুযায়ী, পাহাড় থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোনো করাতকল স্থাপন করা যায় না।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বড়মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, শাপলাপুর, কুতুবজোম ও মাতারবাড়ীতে অনুমোদনহীন ২৩টি করাতকল রয়েছে। এসব করাতকলে ব্যক্তিমালিকানাধীন গাছের পাশাপাশি পাহাড়ের সেগুন, আকাশমণি ও গর্জন গাছ চেরানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালীর ১২ নম্বর পাহাড় মৌজায় প্রায় ১৮ হাজার একরের মধ্যে ১০ হাজার একর জায়গা অবৈধভাবে দখলে রেখেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। বাকি আট হাজার একর জায়গায় সংরক্ষিত বন করা হয়েছে। কিন্তু বন বিভাগের লোকবল-সংকটের কারণে বনদস্যু ও স্থানীয় লোকজনের কবল থেকে তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। মহেশখালী রেঞ্জের পাঁচটি বিটে লোকবল ৬০ জন থাকার কথা থাকলেও আছে মাত্র ২১ জন। এর মধ্যে বনপ্রহরী আছেন মাত্র চারজন।সরেজমিনে দেখা গেছে, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর এলাকায় পাহাড়ি বনের এক কিলোমিটারের মধ্যেই বসানো হয়েছে করাতকল।হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার বাসিন্দা আবুল কালাম, আনোয়ার হোসেন ও আবদুর রহিম জানান, গভীর রাতে পাহাড় থেকে সরকারি গাছ কেটে অবৈধ করাতকলে চিরে আসবাব বানালেও কর্তৃপক্ষ এতে নীরব থাকছে। ফলে দিন দিন বন উজাড় হচ্ছে। এলাকাবাসীর মতে, সংরক্ষিত বন রক্ষা করতে হলে অবৈধ করাতকলের পাশাপাশি আসবাবের কারখানাগুলো উচ্ছেদ করা প্রয়োজন।সংরক্ষিত বন থেকে গাছ উজাড় হওয়ার কথা নিশ্চিত করে মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম আলোকে জানান, এরই মধ্যে বনকর্মীরা অভিযান চালিয়ে ১০টি করাতকল উচ্ছেদ করেছেন। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও সেগুলো বসানো হয়েছে। ২৩টি অবৈধ করাতকল ও ৭০টি আসবাবের কারখানার কারণে সংরক্ষিত বন রক্ষা করা যাচ্ছে না মন্তব্য করে তিনি আরও জানান, অচিরেই অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হবে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে জানান, বারবার অভিযান চালিয়ে বনের পাশের করাতকলগুলো উচ্ছেদ করা হলেও কিছুদিন পর সেগুলো আবার বসানো হচ্ছে। আর এসব করাতকল ঘিরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আসবাবের কারখানা। বনদস্যুরা গাছ কেটে করাতকলে চিরে আসবাবের কারখানায় নিচ্ছে।