বনের ফুল বনমালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলসহ বনমালীর শাখা গাজীপুরের হাতিয়াবো এলাকা থেকে তোলা ছবি ষ লেখক
ফুলসহ বনমালীর শাখা গাজীপুরের হাতিয়াবো এলাকা থেকে তোলা ছবি ষ লেখক

গাজীপুরের আরণ্যক বাগানবাড়িটি একটু ব্যতিক্রম। বাড়ির কর্তা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য কোনো সীমানাপ্রাচীর করেননি। ফলে বাড়ির সঙ্গে চারপাশের প্রকৃতির একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বিচিত্র বন্য প্রাণীদেরও অবাধ যাতায়াত এখানে। প্রায় সারা দিনই আশপাশের পথ মাড়িয়ে শিয়ালের দল রাজসিক ভঙ্গিতে ঘুরে বেড়ায়।
আমাদের মাত্র ৫০ গজ দূরেও একটি শিয়ালকে নির্ভয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওরা নাকি এখানে নির্ভয়েই ঘুরে বেড়ায়। কারণ, ওদের কেউ বিরক্ত করে না। আমরা কয়েক বন্ধু ঘুরে দেখছি প্রাণবৈচিত্র্য। বাড়ির পূর্ব প্রান্তে চোখে পড়ল কুম্ভিগাছের ফল। দেখতে অনেকটা গোলাপজামের মতো। মনে পড়ল কুম্ভি ফুলের ছবি তোলার কথা। মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে এই ফুলের ছবি তোলার জন্য কত কসরতই না করতে হয়েছে। কুম্ভি দেখে ফিরে যাচ্ছি বাংলো ঘরের দিকে। তখনই ঝোপঝাড়ের ভেতর চোখে পড়ল দুধ-সাদা রঙের কতগুলো ফুল। আগে কখনো দেখিনি। ওদের চোখে হয়তো আকুতি, বুনো ফুল বলে অবহেলা? কাছে গিয়েই সুগন্ধ পেলাম। হাত খানেক দূরে কাক জামের ফুলও ফুটেছে। ওদিকে আবার শালগাছের কচি পাতাগুলো সবুজ রঙের পসরা সাজিয়ে বসেছে।
এই ফুলের অনেকগুলো স্থানীয় নাম: বনশাক, জংলি বনশাক, দারুহরিদ্রা, হরিণার ফুল, পানদোগি, পানদুসি, শালিমরিচা ইত্যাদি। চাকমা নাম কোবা বেনা, ত্রিপুরা ভাষায় বট তিতা আর মগ ভাষায় লিঙবা। চীনারা ডাকে হুয়াং মু বা জি নামে। মূলত সারা দেশে সহজলভ্য বলেই নামের এত ছড়াছড়ি। গুল্ম বা ছোট আকারের চিরসবুজ গাছ। ছয় মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পত্র উপপত্রযুক্ত ও বৃন্তক, উপপত্র আবার প্রশস্তভাবে তিন কোনাকৃতির, ১২ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পাতা গভীর শিরাযুক্ত, বিপ্রতীপভাবে বিন্যস্ত এবং বোঁটা চার সেন্টিমিটার লম্বা। মঞ্জরিদণ্ড ১২ সেন্টিমিটার দীর্ঘ। ফুলের পাপড়িসংখ্যা পাঁচ; সাদা, মসৃণ, সরু নল, তিন সেন্টিমিটার লম্বা ও মধুগন্ধি। গর্ভদণ্ড অসম, গোলাকার মুকুটের ওপর সজ্জিত। পুংদণ্ড খুবই খাটো, পরাগধানী অন্তর্মুখী। ফল লাটিমাকার, প্রত্যেক মাথায় স্বল্পসংখ্যক ফল সজ্জিত, সাধারণত মুক্ত, শুষ্ক অবস্থায় কালো। প্রায় সারা বছরই ফুল ও ফল দেখা যায়। প্রথম দেখায় টগর কিংবা কুন্দ বলে ভুলও হতে পারে। তবে এ গাছে সারা বছর ফুলের চেয়ে ফলই বেশি দেখা যায়।

বনমালীর প্রিয় আবাস বনের শেষ প্রান্তের ঝোপঝাড়। গাছের মূল থেকে একধরনের রং তৈরি হয়। কাণ্ড ও মূলের রস চাকমা আদিবাসীরা মূত্রজনিত সমস্যায় ব্যবহার করে। বাংলাদেশ ছাড়া ভারত, মিয়ানমার, চীন, ভুটান ও থাইল্যান্ডেও এ গাছ সহজলভ্য। আমাদের বনভূমিগুলো যে হারে উজাড় হচ্ছে, তাতে গাছটি অচিরেই হুমকির মুখে পড়বে।