বনের বাইরে গাছ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রাকৃতিক বনভূমি যখন সংকুচিত হয়ে আসছে, তখন এর বিপরীত প্রবণতায় বনের বাইরে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ক্রমেই বাড়ছে। মূলত বৃক্ষের অর্থনৈতিক মূল্যের প্রতি সাধারণ মানুষের সচেতনতা, কমিউনিটি উদ্যোগ এবং সরকারের সামাজিক বনায়ন কর্মসূচির কারণে লোকালয়ে গাছের সংখ্যা বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে এই পরিবর্তনের চিত্রটি আরও স্পষ্ট বোঝা যায়।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ও বন বিভাগের একটি যৌথ গবেষণায় দেখা গেছে, ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে বনের বাইরে নতুন করে ২ লাখ ১৯ হাজার ৩০০ হেক্টর বৃক্ষ আচ্ছাদিত এলাকা বেড়েছে। গবেষকেরা এটিকে একটি আশাব্যঞ্জক প্রবণতা হিসেবে দেখছেন।

‘বাংলাদেশের বনের বাইরে ও ভেতরে বৃক্ষ আচ্ছাদিত এলাকার সমন্বিত মূল্যায়ন: ২০০০ থেকে ২০১৪’ শীর্ষক ওই গবেষণাটির একটি সারসংক্ষেপ গত ১৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের আইওপি সায়েন্স নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রে ভূতত্ত্ববিষয়ক রাষ্ট্রীয় সংস্থা ইউএসজিএস ও মহাকাশবিষয়ক সংস্থা নাসা থেকে সরবরাহ করা ছবি ও মাঠ জরিপের ভিত্তিতে ওই গবেষণাটি করা হয়। মূলত ২০০০ সালের সঙ্গে ২০১৪ সালের বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিবর্তনকে তুলনা করে গবেষণাটি করা হয়েছে।

এ ব্যাপারে বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, উপকূলে নতুন জেগে ওঠা চরসহ ফাঁকা জমিতে গাছ লাগানোর বিষয়টি বন বিভাগ দেশে জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া গ্রামের মানুষ গাছকে তার ‘সামাজিক বিমা’ হিসেবে দেখে। মূলত গাছের বিক্রয়মূল্যের জন্য গাছ লাগানোতে মানুষ উৎসাহিত হচ্ছে। এতে সামগ্রিকভাবে পরিবেশের জন্য ভালো হচ্ছে।

সমীক্ষাটিতে বনের বাইরে গাছ বৃদ্ধির চিত্রের পাশাপাশি বনের ভেতরে গাছ কমে আসার চিত্রও উঠে এসেছে। প্রতিবেদনটিতে দেখা গেছে, একই সময়কালে তিন পার্বত্য জেলায় ৮০ হাজার ৮০০ হেক্টর বনভূমি উজাড় হয়েছে। সমীক্ষাটিতে বলা হয়েছে, দেশে বর্তমানে ৩১ লাখ ৬৫ হাজার ৫০০ হেক্টর বৃক্ষ আচ্ছাদিত এলাকা রয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বনের বাইরে যেসব এলাকায় গাছ বেড়েছে তার বেশির ভাগই গ্রামের মানুষের রোপণ করা ঘরের চারপাশের বাগান, বাণিজ্যিক ও ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করা ফলবাগান এবং গ্রামের মানুষের সঙ্গে বন বিভাগের যৌথ উদ্যোগে রোপণ করা সামাজিক বনায়ন। এ ছাড়া উপকূলীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বন বিভাগ নতুন জেগে ওঠা উপকূলীয় চরে বৃক্ষ রোপণ করছে। বর্তমানে দেশের ২১ শতাংশ এলাকায় এসব বৃক্ষ রয়েছে। তবে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন বনভূমির পরিমাণ দেশের মোট বনভূমির ১১ শতাংশ।

এ ব্যাপারে প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের বৃক্ষ আচ্ছাদিত এলাকা বেড়েছে, এটা অবশ্যই একটি ইতিবাচক পরিবর্তন। কিন্তু সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে দেশের প্রাকৃতিক বন ও সংরক্ষিত বনভূমি যেভাবে দিনে দিনে ধ্বংস হচ্ছে, তা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। কেননা দেশের জীববৈচিত্র্য ও জিনগত সম্পদ প্রাকৃতিক বনে থাকে। বনের বাইরের বৃক্ষে এগুলো কম থাকে। ফলে আমাদের বনভূমিগুলো রক্ষা করার দিকে মনোযোগ দিতে হবে।’

২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে ভূ-উপগ্রহ থেকে তোলা দেশের বৃক্ষ আচ্ছাদিত এলাকার ওপরে ৩ হাজার ছবি পর্যালোচনা করে ওই গবেষক দলটি। তা ছাড়া মাঠপর্যায়ে ছবির তথ্য পুনরায় যাচাই করেছে গবেষক দলটি। দেশের বনভূমি নিয়ে এত দিন ধরে যেসব জরিপ ও সমীক্ষা হয়েছে তাতে শুধু মাঠপর্যায়ে প্লটভিত্তিক পরিবর্তনগুলো চিহ্নিত করা হয়েছে। এবারই প্রথমবারের মতো মহাকাশ থেকে তোলা ছবি ও বনের নির্দিষ্ট কিছু প্লটে গাছের পরিমাণে কী পরিমাণ পরিবর্তন হলো তা পরিমাপ করে এ জরিপটি করা হয়েছে।

>স্যাটেলাইট ছবিতে বৃক্ষ আচ্ছাদিত অঞ্চল বাড়ার চিত্র


এ ব্যাপারে জানতে চাইলে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের মতো দ্রুত উন্নয়নশীল দেশে জমির ওপরে চাপ এমনিতেই বেশি। তার ওপরে কৃষিকাজ, শিল্প ও বসতির জন্য জমির ব্যবহার বাড়ছে। এ পরিস্থিতিতে গাছের জন্য জমি ব্যবহার করা কঠিন। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্যেও বিপুল পরিমাণে বৃক্ষ রোপণ করেছি। ফলে বৃক্ষ আচ্ছাদিত এলাকা বেড়েছে।’

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক বন ধ্বংস হওয়ার তথ্য অস্বীকার করে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, ‘পার্বত্য জেলায় বন রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। কারণ, সেখানকার জেলা প্রশাসন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের নিয়ন্ত্রণে অনেক বনভূমি আছে, যেগুলো আমরা রক্ষা করতে পারছি না। তারা এগুলো নিজেদের ইচ্ছেমতো বন্দোবস্ত দিচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রামের বন রক্ষা করতে হলে সেখানে বন বিভাগকে কাজ করার সুযোগ দিতে হবে।’

বন বিভাগের ওই গবেষক দলের একাধিক সদস্যের সঙ্গে প্রথম আলোর কথা হয়। তাঁরা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন ও ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা বাগানে এসব বৃক্ষের সমাবেশ হয়েছে।জমির পাশে, সড়কের ধারে, নতুন জেগে ওঠা চরে ও উপকূলজুড়ে ওই সব বৃক্ষরাজি রোপণ করা হয়েছে।

উপকূলীয় বন সৃজন ও বন রক্ষার জন্য বন বিভাগের ৭টি প্রকল্প ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭টি আন্তর্জাতিক পদক পেয়েছে। ২০১২ সালে চুনতী সহব্যবস্থাপনা কমিটি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার, উপকূলীয় বন সৃজনের জন্য বন বিভাগ পেয়েছে জাতিসংঘের আর্থ কেয়ার পুরস্কার, টাঙ্গাইলের মধুপুর বন সহব্যবস্থাপনা কমিটি পেয়েছে জলবায়ু পুরস্কার, চর কুকরিমুকরিতে বন সৃজনের জন্য জাতিসংঘের জলবায়ু অভিযোজন পুরস্কার, টেকনাফ বন বিভাগের সহব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক খুরশিদা বেগম পেয়েছেন ওয়াঙ্গা মাথাই পুরস্কার।

পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, এসব বৃক্ষ দেশে অক্সিজেন সরবরাহের পাশাপাশি কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রেও ভূমিকা রাখছে। দেশে বৃষ্টির পানি মাটিতে ধরে রাখার ক্ষেত্রে বৃক্ষের অবদান ৭০ শতাংশ। আর মাটিকে আটকে রেখে ভাঙন-ক্ষয় রোধ করার ক্ষেত্রেও ওই বৃক্ষরাজি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সামগ্রিকভাবে মানুষের সৃজন করা ওই বৃক্ষরাজি জীববৈচিত্র্যের আশ্রয়স্থল হয়ে উঠছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য বন কমলেও দেশের অন্যান্য বনভূমির বনজ সম্পদের খুব বেশি পরিবর্তন হয়নি। এর মধ্যে ম্যানগ্রোভ ও শালবন দশমিক ৫ শতাংশ কমেছে। জলার বন বা সোয়াম্প ফরেস্ট (যেমন রাতারগুল) অপরিবর্তিত আছে।