বনের বাঘে খায় না, মনের বাঘে খায়
একজন মনোবিজ্ঞানের অধ্যাপক তাঁর শিক্ষার্থীদের দুশ্চিন্তা, মানসিক অবসাদ মানসিক ও শারীরিক কী ধরণের ক্ষতি করে, সে বিষয়ে পড়াচ্ছিলেন। পড়ানোর মাঝখানে তিনি হঠাৎ শিক্ষার্থীদের সামনে একটি পানির গ্লাস তুলে ধরলেন। তারা ভেবে নিল অধ্যাপক বোধ হয় সেই গৎবাঁধা গ্লাস অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি, সেই প্রশ্ন করবেন। তাদের ভুল প্রমাণ করে দিয়ে একেবারেই অন্য কিছু জিজ্ঞেস করে বসলেন!
অধ্যাপক প্রশ্ন করলেন, ‘আমার হাতে ধরা গ্লাসটির ওজন কত? কেউ বলতে পারবে?’
শিক্ষার্থীরা যে যার ধারণা অনুযায়ী উত্তর দিলেন। কেউ বলল ২০০ মিলি, কেউবা ৩০০, কেউ কেউ আবার বলল ৫০০ মিলি!
তখন অধ্যাপক বললেন, ‘আমার মতে এই গ্লাসের আসল ওজন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না। গুরুত্বপূর্ণ হচ্ছে কতক্ষণ আমি এই গ্লাসটি ধরে রাখছি। যদি আমি কিছুক্ষণ গ্লাসটি ধরে রাখি, আমার কাছে গ্লাসটি তেমন ভারী মনে হবে না। যদি কয়েক ঘণ্টা ধরে রাখি, তাহলে বেশ ভারী মনে হবে। আর যদি এর থেকেও বেশি, হয়তোবা সারা দিন ধরে রাখি, তাহলে এই হালকা পানির গ্লাসটিকেই আমার মনে হবে বিশাল ভারী কিছু।’
ছোট্ট এই উদাহরণের মাধ্যমে অধ্যাপক আসলে বোঝাতে চাচ্ছিলেন, মানুষের মস্তিষ্কে দুশ্চিন্তা বেশিক্ষণ ধরে রাখা উচিত নয়। আমরা যদি কোনো ব্যাপার নিয়ে কিছুক্ষণ চিন্তা করি, তা তেমন সমস্যা সৃষ্টি করে না। কিন্তু যখনই আমরা কোনো ব্যাপার নিয়ে বারবার চিন্তা করতে থাকি, চিন্তা থেকে তখন তা দুশ্চিন্তায় রূপ নেয়। আর সারা দিন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করলে আমরা মানসিক অবসাদে আক্রান্ত হই। আমাদের হাত যেমন সারা দিন ওই গ্লাসটির ওজন নিতে পারবে না, আমাদের মস্তিষ্কও তেমনি সারা দিন দুশ্চিন্তা নিতে পারে না।
শারীরিক স্বাস্থ্যের প্রতি আমরা খুব যত্নবান হলেও, মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে আমরা ভুলে যাই। হয়তো সারা দিন শারীরিক কোনো অসুস্থতা নিয়েই ভাবছি, কিন্তু এতে যে শরীরের সঙ্গে সঙ্গে মনটাও অসুস্থ হয়ে যাচ্ছে, সেদিকে আর খেয়াল করি না। মনের সুস্থতার ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ উদাসীন হয়। অথচ এই মনই কিন্তু পুরো দেহকে সচল রাখে। মনকে সুন্দর আর পরিপাটি করে রাখা জরুরি কারণ সুন্দর মন আমাদের সুন্দর দিন উপহার দেয়।
হ্যারি পটারের লেখিকা জে কে রাউলিং তাঁর এক বইয়ে লিখেছিলেন, দুশ্চিন্তা করা মানে দুবার কষ্টে ভোগা। খুব সত্যি একটি কথা। কাল কী হবে, তা কেউই জানে না। তাই কালকের চিন্তা করে আজকের দিনটা নষ্ট করা অপচয় ছাড়া আর কিছু নয়। মানুষের জীবনের পরিসর খুব বড় নয়, তাই সময় খুব দামি। অথচ দেখা যায় দিনের পর দিন এই দামি সময় মানুষ অযাচিত চিন্তাদের ওপর খরচ করে যাচ্ছে। অনেকে নিজের অযান্তেই খরচ করছে। খেয়াল করে দেখলে দেখা যাবে, সারা দিনের অর্ধেকেরও বেশি সময় কেটে যাচ্ছে এই-সেই চিন্তায়। যেই চিন্তা পরবর্তী সময়ে কোনো কাজে আসে না বরং সময় নষ্ট করে শুধু!
অনেকে আবার ভাবছেন, বললেই তো আর সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা যায় না! চিন্তা তো আপনা–আপনি মাথায় এসেই যায়! তাহলে কি করা যায় এই চিন্তা-দুশ্চিন্তার?
সত্যি কথা বলতে, চিন্তারা যত সহজে মাথায় ঢোকে, তত সহজে যদি পড়ালেখা মাথায় ঢুকত, তাহলে পৃথিবীতে আরও গোটা কয়েক নিউটন, আইনস্টাইন পাওয়া যেত। তবে দুশ্চিন্তা দূর করার যেকোনো উপায় নেই, এমনও কিন্তু না। দুশ্চিন্তা দূর করতে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াতে হবে। সহজ ব্যাপারগুলোকে সহজভাবে নিতে শিখতে হবে। মোদ্দাকথা যেসব ব্যাপার আমাদের বারবার ভাবায়, সেই ব্যাপারগুলো মাথা থেকে দ্রুত বের করে দিয়ে অন্য কিছুতে মনোনিবেশ করতে হবে। দরকার শুধু নিজের চেষ্টা আর ইচ্ছার।
নিজের জীবনকে সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের নিজেদেরই। আর সুন্দর জীবনের মূল শর্ত সুন্দর মন। সুন্দর মন গড়তে হলে সব ধরনের দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সারা দিনে ছোটখাটো, হয়তো বড়ই কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকে, যা আমাদের মাথায় গেঁথে থাকে। সারা দিনের এসব চিন্তাকে সন্ধ্যা হতে হতেই ঝেড়ে ফেলতে হবে। রাতে চিন্তার ঝুড়ি খালি করে তবেই ঘুমাতে যেতে হবে। আর যদি গত দিনের চিন্তার ভারে আপনি আজ সারা দিন অবসাদে ভুগতে থাকেন, তাহলে বুঝতে হবে হাতের গ্লাসটি নামিয়ে রাখার সময় এসে গেছে।
*দুর্যোগ ব্যবস্থাপনা, তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়