বনের ভেতর সাকার ক্যাডারের করাতকল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের সংরক্ষিত বনের ভেতর করাতকল বসানোর আয়োজন চলছে। বন আইনে সংরক্ষিত বনের পাঁচ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে।রাঙ্গুনিয়া আসনের সাবেক সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ক্যাডার হিসেবে পরিচিত সাবেক ইউপি সদস্য মো. ইলিয়াছ ও তাঁর তিন সহযোগী উপজেলার লালানগর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় করাতকলটি বসানোর জন্য তৎপর হয়ে উঠেছেন বলে জানা গেছে।কোদালা বন বিট কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলের আওতায় করাতকল বসানোর আয়োজন বন্ধে মো. ইলিয়াছ ও তাঁর সহযোগীদের চলতি মাসের শুরুর দিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি এখনো কোনো সদুত্তর দেননি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ইলিয়াছ বিগত চারদলীয় জোট সরকারের আমলে সাকা চৌধুরীর শীর্ষ ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে ওই সময় নারী নির্যাতন, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাঙ্গুনিয়া থানায় তিনটি মামলা হয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে জামিনে ছাড়া পেয়ে আওয়ামী লীগ নেতা পরিচয়ে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পাঁচ-ছয় মাস ধরে তিনি লালানগরের বেড়িবাঁধ এলাকায় জমি দখলের জন্য তিন সহযোগীকে নিয়ে করাতকল বসানো শুরু করেন। অথচ ওই জমির অধিকাংশই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুরমাই খাল সেচ প্রকল্পের আওতাভুক্ত। এ জমির প্রায় তিন শতাংশের ওপর তিনি টিনের চালা দিয়ে ঘর নির্মাণ করেন। ঘরের মধ্যেই স্থাপন করেন করাতকল। মো. ইলিয়াছ দাবি করেন, লালানগর মৌজার বিএস ২৩৪৬ দাগে তাঁর তিন শতাংশ জমি রয়েছে। করাতকলটি চালানোর জন্য লালানগর ইউপি থেকে তিনি ট্রেড লাইসেন্স নিয়েছেন, যা দিয়ে বন বিভাগের অনুমোদনের জন্য রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তার কাছে আবেদন করেছেন।রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহিরুল হক জানান, তিনি আবেদনের আগেই করাতকল বসিয়েছেন। ফলে আবেদন গ্রহণ করা তো দূরের কথা, করাতকলটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তাঁকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।রাঙামাটি জেলা পাউবোর উপনির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, করাতকলটি পাউবোর জায়গায় বসানো হলে তা অবশ্যই উচ্ছেদ করা হবে।রাঙ্গুনিয়া উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, করাতকলটি স্থাপনে আইন লঙ্ঘিত হলে তা অবশ্যই বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।