বনের ভেতর ৫১ করাতকল মালিক আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে ৫১টি অবৈধ করাতকল গড়ে উঠেছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত এক বছরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে-বেনামে এবং তাদের ছত্রচ্ছায়ায় এসব করাতকলগুলো স্থাপন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বন বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের মাসোহারা দিয়ে করাতকলগুলো চালু রাখা হয়েছে বলেও অভিযোগ আছে। করাতকলগুলোতে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ চেরাই করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।সরেজমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইল বন বিভাগের বহেড়াতৈল, হতেয়া ও বাঁশতৈল রেঞ্জের আওতায় সখীপুর উপজেলায় ১১টি বিটে ৪২টি অবৈধ করাতকল রয়েছে। এ ছাড়া পৌর এলাকায়ও বনের ভেতরে নয়টি অবৈধ করাতকল গড়ে উঠেছে। বহেড়াতৈল রেঞ্জের পাঁচটি বিটের আওতায় নাকশালায় তিনটি, দাঁড়িয়াপুরে একটি, বেতুয়ায় তিনটি, ডাবাইলে দুটি, গোহাইল বাড়িতে একটি, আইলসার বাজারে দুটি, এ্যাঙ্গার চালায় দুটি, রামখাপাড়ায় একটি, বড়চওনায় দুটি, কুতুবপুরে দুটি, দেবরাজে একটি, আড়াইপাড়ায় একটি, মরিচায় তিনটি, হামিদপুরে দুটি, বড়চালা ও দীঘিরচালায় দুটি, ঘড়বাড়িতে দুটি, মহানন্দপুরে একটি ও বাশারচালায় একটি অবৈধ করাতকল রয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, দাড়িয়াপুরের করাতকলটি গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের, নাকশালা বাজারের তিনটি করাতকল স্থানীয় আওয়ামী লীগ কর্মী আবদুল আজিজ, শহিদুল ইসলাম মাস্টার ও লুত্ফর রহমানের। ডাবাইলের একটি করাতকল সাবেক বনমন্ত্রী শাজাহান সিরাজের ভাতিজা ফরিদের, রামখা পাড়ার করাতকলটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শওকত সিকদারের ভাগ্নে জামাল হোসেনের, কুতুবপুরের একটি করাতকল কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কদ্দুসের, আইলসার বাজারের একটি করাতকল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের বাবা আবদুল গফুরের। অন্যান্য করাতকলগুলো আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের ছত্রছায়ায় চলছে।হতেয়া ও বাঁশতৈল রেঞ্জের কালিদাস, কালমেঘা, কড়ইচালা, হতেয়া সদর, বাজাইল ও নলুয়া বিটের আওতায় কালিদাসে একটি, ইছাদিঘীতে একটি, বোয়ালীতে একটি, চতলবাইদে একটি, দেওদিঘীতে একটি ও হতেয়া বাজারে একটি অবৈধ করাতকল রয়েছে। হতেয়ার একটি করাতকল সখীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় সাংসদের ভাগ্নের। বড়চওনার করাত কলটি স্থানীয় সাংসদের আরেক ভাগ্নে গোলাম ফেরদৌসের, কালিদাসের করাত কলটি স্থানীয় আওয়ামী লীগ কর্মী নাজমূল হোসেনের, নলুয়ার করাত কলটি যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আজমত খানের।অবৈধ করাতকল থেকে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মীর আহম্মদ আলী বলেন, ‘আমরা ইতিমধ্যে কয়েকটি করাতকল উচ্ছেদ ও মামলা করেছি। তবে অনেকগুলোর মালিক প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।’ কুতুবপুরের একটি অবৈধ করাতকলের মালিক কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কদ্দুস মাখন বলেন, ‘করাতকলটির মালিক আমি নই।’ সেটি বিএনপি নেতা আসলাম ভূইয়ার বলে তিনি দাবি করেন। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘নাকশালা বাজারে গড়ে ওঠা করাতকলটি আমার নয়, আমার বড় ভাই ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের। সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার বলেন, ‘আমার দলের কোনো নেতা-কর্মী অবৈধ করাতকলের মালিক নন। উপজেলায় আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর অবৈধ করাতকল থাকলে তাঁর বিরুদ্ধে তদন্ত করে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ বন বিভাগ টাঙ্গাইলের (দক্ষিণ) সহকারী বন সংরক্ষক (এসিএফ) জি এম কবির সখীপুরে অসংখ্য অবৈধ করাতকল থাকার কথা স্বীকার করে বলেন, শিগগির টাস্কফোর্স গঠন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ করাতকলগুলো উচ্ছেদ করা হবে।