বনের ভেতরের ছয় করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে গতকাল শনিবার অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বনের ভেতরে থাকা ছয়টি করাতকল উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালে করাতকলের ইঞ্জিনচালিত মেশিন, গাছ, চেরাই করা কাঠসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে ১১ বিট অফিস আছে। এসব বিট অফিসের আওতায় বিভিন্ন এলাকায় বনের ভেতরে দেড় শতাধিক অবৈধ করাতকল গড়ে উঠেছে। এ সুযোগে স্থানীয় চোরাই চক্র রাতের আঁধারে সড়কের পাশের ও সংরক্ষিত বনের ভেতর থেকে গজারিসহ নানা প্রজাতির গাছ কাটছে। প্রকাশ্যে চেরাই করা হচ্ছে এসব গাছ। এ বিষয়ে ১২ এপ্রিল প্রথম আলোয় ‘বনের মধ্যে অবৈধ করাতকল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে গতকাল দিনব্যাপী অভিযান চালায় প্রায় ৬০ সদস্যের বন বিভাগের একটি দল। এ সময় ছয়টি করাতকল উচ্ছেদ করা হয়। এগুলো হলো বাড়ৈপাড়া এলাকার মেসার্স রতন স মিল, পাবুরিয়াচালা এলাকার আঞ্জু স মিল, কালুর স মিল, সুরিচালা এলাকার আব্বাস স মিল, সোনাতলা এলাকার মারুফ স মিল, ফকিরচালা এলাকার কাজীমুদ্দিন স মিল। এ সময় করাতকলের ইঞ্জিনচালিত মেশিন, করাত, কুড়াল, টেবিল, গাছ, চেরাই করা কাঠসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক (গাজীপুর) মো. এনামুল হক। এ সময় কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা তাপস সান্যাল, মৌচাক বিট কর্মকর্তা আবদুল আহাদ, বোয়ালী বিট কর্মকর্তা মহিউদ্দিন, জাথালিয়া বিট কর্মকর্তা আবদুল বারি, কাচিঘাটা বিট কর্মকর্তা শহিদুল রহমান, চন্দ্রা বিট কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদসহ অন্যান্য বিট কর্মকর্তা ও বন প্রহরীরা উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক (গাজীপুর) এনামুল হক বলেন, কালিয়াকৈরে দেড় শতাধিক অবৈধ করাতকল আছে। অবৈধ ছয়টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো উচ্ছেদ করা হবে।