বনের মুর্তাবাগানে মাছের খামার!

প্রায় ৩৮৫ একর জায়গাজুড়ে বন বিভাগের বিশাল মুর্তাবাগান। এর মধ্যে চাষের পরও মুর্তাগাছ হয়নি এমন কিছু জায়গা খুঁড়ে প্রতিবছর শুষ্ক মৌসুমে মাটি তুলে ইটভাটায় বিক্রি করত একটি চক্র। বন বিভাগ দফায় দফায় বাধা দিয়ে এ তৎপরতা বন্ধ করে। পরের বছর এক রাতে আগুনে পুড়ে যায় মুর্তাবাগানের একাংশ। ঘটনাগুলো দখলচেষ্টায় হচ্ছে বলে ধারণা বন বিভাগের।
এসব ঘটনার সুরাহা হয়নি বলে বন বিভাগ গত কয়েক বছর ধরে অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টায় একাধিক মামলাও করেছে। এর মধ্যে এবার মুর্তাবাগানের ৩২৪ একর জায়গা কয়েকজন ইজারা গ্রহীতার কাছ থেকে কিনে মালিক দাবি করছেন সিলেট নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী। প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে তিনি সেখানে মাছের খামার তৈরির কাজ শুরু করেছেন।
এ ব্যাপারেও মামলা করেছে বন বিভাগ। কিন্তু এঁরা প্রভাবশালী হওয়ায় ঠেকানো সম্ভব হচ্ছে না। প্রকাশ্যে খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে চলছে বনের মুর্তা উজাড় করে মাটি খননের কাজ। মুর্তা বেত-জাতীয় গাছ। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর মধ্যে কেবল সিলেট অঞ্চলের মাটিতে মুর্তাগাছ চাষের উপযোগিতা রয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বন বিভাগ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বনের গেজেটভুক্ত জায়গায় মুর্তাবাগান। মুর্তাগাছ পরিপক্ব হলে ব্যবহৃত হয় শীতলপাটি বুননসহ বেত সামগ্রী তৈরির শিল্পে।
গোয়াইনঘাটের আঙ্গারজোর এলাকার দ্বারীরপাড় মৌজার কয়েকটি দাগে ৩৮৫ দশমিক ২৫ একর জায়গায় মুর্তাবাগান সিলেটের সবচেয়ে পুরোনো। ১৯৬৭ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী এটি সংরক্ষিত বনভূমি। বাগান দেখভালের দায়িত্বে রয়েছে সিলেট বন বিভাগের অধীন সালুটিকর বন বিট।
মুর্তাবাগান-সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তারা জানান, মুর্তাবাগানের জমির প্রকৃতি ধানি জমিতে রূপান্তর করতে দখল তৎপরতার কৌশল ধান চাষের সময় চলত। ২০০৮ সাল থেকে দখল চেষ্টা বদলায়। সংঘবদ্ধ একটি চক্র বাগানের যে জায়গায় মুর্তাগাছ তুলনামূলক কম জন্মায়, সেখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি শুরু করে। ২০১৪ সালের জানুয়ারিতে দুই দফা বাগানে আগুন দেওয়া হয়। আগুনে পুড়ে যায় বাগানের প্রায় এক-তৃতীয়াংশ মুর্তা। এবার জানুয়ারি থেকে সেখানে চলছে পুকুর খনন ও রাস্তা নির্মাণের কাজ।
সালুটিকর বন বিট কর্মকর্তা মো. আবদুর রব বলেন, মুর্তাবাগানে আগুন দেওয়া, মাটি কেটে নেওয়ার ঘটনায় সাতটি মামলা রয়েছে। এবার খননযন্ত্র দিয়ে বাগানের প্রায় পুরোটা দখলে নেওয়ার তৎপরতা শুরু হলে ১০ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে খননযন্ত্রচালককে আসামি করে তিনি বাদী হয়ে মামলা করেছেন।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সালুটিকর সড়ক দিয়ে চলাচল করছে মাটিবাহী ট্রাক। বাগান এলাকার প্রায় এক-তৃতীয়াংশ জমির প্রকৃতি পরিবর্তন হয়ে গেছে। মুর্তা যেটুকু জমিতে রয়েছে, সেখানে বন বিভাগ একটি লাল পতাকা টানিয়ে রেখেছে।
নগর আওয়ামী লীগের নেতা শফিউল আলম চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একজন পরিচালক। খামার করে মাছ চাষ করার কথা নয় জানিয়ে তাঁর ঘনিষ্ঠ কয়েকজন বলেন, সিলেট থেকে জলার বন রাতারগুল যাতায়াত করতে হয় সালুটিকর হয়ে। যাত্রাপথে পড়েছে মুর্তাবাগান। রাতারগুল একটি বপর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়ায় ওই জায়গায় ভবিষ্যতে একটি রিসোর্ট করার পরিকল্পনার শুরুতে তিনি খামার দিয়ে জায়গার দখল করছেন।
তবে শফিউল আলম চৌধুরী বলেন রিসোর্ট নয়, খামারই করছেন। এ নিয়ে গত সোমবার রাতে তাঁর সঙ্গে কথা হয়। জায়গার মালিক বন বিভাগ, এ নিয়ে মামলাও রয়েছে বলে জানালে শফিউল বলেন, ‘এটা আসলে বন বিভাগের জায়গা কি না, এ বিষয়টি অমীমাংসিত। আমি কয়েকজন বন্দোবস্ত গ্রহীতার কাছ থেকে কিনেছি। মামলা থাকলে ওদের বিরুদ্ধে থাকবে। আমি ধাপে ধাপে এসব জায়গা কিনে কয়েকজন ব্যবসায়ী পার্টনারকে নিয়ে এখন মাছের খামার করছি।’