বনের ২৫ হাজার গাছ কেটে চিংড়িঘের!
কক্সবাজারের মহেশখালীতে সরকারি বনভূমিতে চিংড়িঘের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যক্তিমালিকানার ওই ঘের তৈরিতে কাটতে হবে ২৫ হাজার কেওড়াগাছ। এ জন্য এর মধ্যে ১০ একর বনভূমি ইজারা দেওয়া হয়েছে।বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বিটের অধীনে প্রায় ৪২ একর বনভূমি রয়েছে। ১৯৯৬ ও ২০০১ সালে সেখানে প্যারাবন সৃজন করে বন বিভাগ। এই বন বিভিন্ন দুর্যোগ, জলোচ্ছ্বাস থেকে বেড়িবাঁধকে রক্ষা করছে। তিনি অভিযোগ করেন, ভুল তথ্য দিয়ে ১০ একর বনভূমি ইজারা নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরীর ছোট ভাই আবদুল মোনাফ। এখন তাঁরা প্যারাবন ধ্বংস করে চিংড়িঘের নির্মাণের চেষ্টা করছেন। এতে প্যারাবনের কমপক্ষে ২৫ হাজার ছোট-বড় কেওড়াগাছ কাটা পড়বে।গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে দেওয়া চিঠিতে বিভাগীয় বন কর্মকর্তা উল্লেখ করেন, বন বিভাগের অজ্ঞাতে জেলা চিংড়িসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটি ওই জমি ইজারা দেয়। ওই বনভূমিতে ঘের নির্মাণ করলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, ব্যক্তিমালিকানায় বনভূমি ইজারা দেওয়া নিয়ে বন বিভাগ ২০০৭ সালে কক্সবাজার সহকারী জজ আদালতে একটি মামলা করে। ২০১০-এ আদালত স্বল্প ও দীর্ঘমেয়াদি ইজারা বা বন্দোবস্ত না দিতে নিষেধাজ্ঞা জারি করেন। মাঝে ২০০৯ সালে ইজারা গ্রহীতারা বন বিভাগের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। সেটির শুনানি চলছে।শাপলাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী বলেন, ‘আমার ছোট ভাই আবদুল মোনাফ এক লাখ ৮৯ হাজার টাকা সরকারি ক্ষতিপূরণ ও ১৩ হাজার ৪১৬ টাকা খাজনা দিয়ে ১০ একর জমি ইজারা নেয়। ওই জমিতে আমাদের দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জমিতে গেলে কোনো কারণ ছাড়াই বন বিভাগের লোকজন বাধা দেয়। এ কারণে আমি উচ্চ আদালতের আশ্রয় নিয়েছি। আদালতের সিদ্ধান্ত পেলেই ওই জমিতে চিংড়ি চাষ করা হবে।’চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার কুণ্ডু বলেন, ‘সরকারি বনভূমিতে সৃজিত কেওড়াবন রক্ষা ও পরিবেশের স্বার্থে ওই ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।’