বনের ৪০০ শতক জমি বিক্রি গাছ কেটে বাড়ি নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের হতেয়া রেঞ্জের গজারিয়া মৌজায় বন বিভাগের ৪০০ শতক জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে সামাজিক বনায়নের প্রায় দুই হাজার আকাশমণি গাছ কেটে সেখানে ১০টি বাড়িও নির্মাণ করা হয়েছে। আরও কয়েকটি বাড়ি নির্মাণের প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা, বনের হতেয়া রেঞ্জ কর্মকর্তা ও দুই খণ্ড জমির মালিক পারস্পরিক যোগসাজশে ওই জমি বিক্রি এবং ঘর নির্মাণ বাবদ বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, হতেয়া রেঞ্জের কালিদাস বিটের গজারিয়া মৌজার ২০০১ দাগে সামাজিক বনায়নের দুই খণ্ডে (প্লট) ৪০০ শতক জমি সখীপুর উপজেলার বাঘবেড় গ্রামের আমিনুল ইসলাম ও গজারিয়া গ্রামের আবদুল হালিমের নামে ২০০৫-০৬ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়। তাঁরা এ জমিতে বাগান করেন। পরে তাঁরা পর্যায়ক্রমে বাগানের গাছ কেটে ফেলেন। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন ও স্থানীয় বন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে বিভিন্ন গ্রামের মানুষের কাছে এই জমি কম দামে বিক্রি করে দেওয়া হয়। এই নেতা ও কর্মকর্তাদের সহায়তায় ওই জমিতে গত ছয় মাসে ১০টি বাড়িও নির্মাণ করা হয়। বিক্রি হওয়া জমির পাশের এক খণ্ড ভূমির মালিক শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘৪০০ শতক জমি বরাদ্দ পাওয়া আমিনুল ইসলাম ও আমার চাচা আবদুল হালিম এলাকার বিভিন্ন মানুষের কাছে গোপনে জমি বিক্রি করেছেন। ক্রেতারা জমির গাছ কেটে বাড়ি নির্মাণের সময় রেঞ্জ কর্মকর্তাকে আমি বিষয়টি জানাই। তিনি আমাকে বলেন, “আপনি চুপ থাকুন। আপনার জমিতে তো আর ঘর উঠছে না।”’ অভিযোগ অস্বীকার করে হতেয়া রেঞ্জের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘জমি বিক্রিকারী ও ক্রয়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি বিক্রি ও ঘর তোলার সময় আমি বরং রেঞ্জ কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’ এ ব্যাপারে আবদুল হালিম বলেন, ‘আমার ছেলে মোয়াজ্জেম হোসেন যা বলেছে, আমি তা-ই করেছি।’ মোয়াজ্জেম হোসেন গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বলেন, ‘সব খানেই বনের জমি বিক্রি হচ্ছে, আমরাও বিক্রি করেছি।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আমিনুল ইসলাম কোনো মন্তব্য করেননি।বাড়ি নির্মাণকারী এক নারী বলেন, ‘আমি আমিনুলকে দেড় লাখ টাকা দিয়ে জমি কিনেছি। আমি গরিব মানুষ। মানুষের বাড়িতে কাজ করে টাকা জোগাড় করে বাড়ি করেছি।’ আরেক জমি ক্রয়কারী নূর মাহমুদ বলেন, ‘জমি কিনে বাড়ি করেছি। আমাদের কী দোষ।’ বাড়ি করার সময় বন বিভাগকে টাকা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। এ প্রসঙ্গে টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অসিত রঞ্জন পাল সম্প্রতি প্রথম আলোকে বলেন, সামাজিক বনায়নের জমি বিক্রি ও সেখানে কেউ ঘর তুলে থাকলে তা খুবই অন্যায়। বিষয়টির তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বন কর্মকর্তা, জমি বিক্রিকারী ও ক্রয়কারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।