বনের ৪৫০ গাছ কেটে নেওয়ার সময় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর উপজেলার বাবুগঞ্জ এলাকার সংরক্ষিত বন থেকে সাড়ে ৪০০ গেওয়াগাছ কেটে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা আটক করেছেন। অভিযোগ আছে, সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তা ও রক্ষীরা ঘুষ নিয়ে এসব গাছ কাটার সুযোগ করে দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ বন বিটের আওতাধীন কুমিরমারা বনে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৪০০ গেওয়াগাছ কেটে ফেলে স্থানীয় ১০-১২ জন জেলে। পায়রা ও বিষখালী নদীতে খুঁটাজালে ব্যবহারের জন্য কুমিরমারা বন থেকে এসব গাছ কাটা হয়। শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন বাবুগঞ্জ বিট কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনি শুক্রবার সন্ধ্যায় কুমিরমারা বনের পদ্মা সমুদ্রসৈকত এলাকা থেকে এসব গাছ জব্দ করেন। গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আট থেকে ১০ ফুট লম্বা এবং পৌনে এক থেকে এক ফুট ব্যাসের এসব চারাগাছ পদ্মা সমুদ্রসৈকতের পূর্বপাশে স্তূপ করে রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, তিন-চার বছর আগে এসব গাছ রোপণ করা হয়। এসব গাছ কাটায় জড়িতদের অভিযোগ, কুমিরমারা বনে দায়িত্বপ্রাপ্ত তিনজন বনরক্ষী বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট। বাবুগঞ্জ বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘আমার বিরুদ্ধে ওই অভিযোগ প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মেনে নেব।’ তিনি বলেন, ‘আমি খবর পেয়ে সেখানে যাই। এ সময় ওই এলাকার ইউপি সদস্য আবদুস সহিদ এসব গাছ ছাড়িয়ে নিতে আসেন। তখন তাঁর সঙ্গে আমাদের বাগিবতণ্ডা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে আমি বাবুগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দিই এবং পুলিশের সহায়তায় গাছগুলো জব্দ করি। এ সময় কুমিরমারা বনে দায়িত্বপ্রাপ্ত তিন বনরক্ষীকে ঘটনাস্থলে আসার জন্য আমি অনুরোধ করি, কিন্তু তাঁরা আসেননি।’ কুমিরমারা বনের দায়িত্বপ্রাপ্ত বনরক্ষী হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা নই, বিট কর্মকর্তা নিজেই এসব অনিয়মের সঙ্গে জড়িত। তিনি অনিয়ম করে এসব গাছ কাটার সুযোগ করে দিয়েছেন।’ স্থানীয় ইউপি সদস্য আবদুস সহিদ বলেন, ‘যাঁরা এসব গাছ কেটেছেন, তাঁরা গরিব জেলে। আমি তাঁদের পক্ষ হয়ে সেখানে গিয়েছিলাম।’ বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার বলেন, ‘ঘটনার সঙ্গে ওই এলাকার কয়েকজন বনরক্ষী জড়িত বলে আমার কাছেও অভিযোগ আছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এসব বনরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’