বন্ড কার্যক্রম দ্রুত সম্পাদনের আহ্বান বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বন্ড (রপ্তানিমুখী পোশাকশিল্পের কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা) কার্যক্রম দ্রুত সম্পাদনের আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। গতকাল মঙ্গলবার বিকেলে নবনিযুক্ত চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মবিনুল কবিরের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান।
চট্টগ্রাম নগরের লালখান বাজারে বন্ড কমিশনারেট কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ বলেন, গ্যাস, বিদ্যুৎসহ নানা অবকাঠামো-সংকটে আছে পোশাকশিল্প। এ পরিস্থিতিতে পোশাকশিল্পের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজীকরণ ও কারখানা স্থানান্তরে দ্রুত অনুমোদন প্রদান করে বন্ড কমিশনারেট ভূমিকা রাখতে পারে।
বন্ড কমিশনারেটের কমিশনার মবিনুল কবির বলেন, পোশাকশিল্পসংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পাদন করতে বন্ড কমিশনারেট সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বন্ড কার্যক্রম দ্রুত সম্পাদনে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ ফেরদৌস, পরিচালক আ ন ম সাইফউদ্দিন, কাজী মাহাবুব উদ্দিন জুয়েল, এ এম মাহাবুব চৌধুরী, সাইফ উল্লাহ মনসুর প্রমুখ।
বন্ড কমিশনারেট থেকে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স প্রদান ও নবায়ন, লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম, কারখানা স্থানান্তর অনুমোদন, শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির অনুমোদনসহ নানা কার্যক্রম তদারকি করা হয়।