বন্দর ইউএনওর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীনের সরকারি বাসভবনে চুরির ঘটনায় ১০ কর্মচারীকে থানায় ‘নির্যাতনে’র প্রতিবাদ জানিয়েছে কয়েকটি সংগঠন। তারা ‘নির্যাতনের নির্দেশদাতা’ ইউএনও মিনারা নাজমীনকে ৪৮ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে অপসারণের দাবি জানিয়েছে।
সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন গতকাল রোববার বিকেলে কালেক্টরেট কর্মচারী সংস্থার কার্যালয়ে সমাবেশ ও পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে এ দাবি জানায়। এ ঘটনায় তারা ডিসি ও ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, গত বুধবার ইউএনও মিনারা নাজমীনের বাসায় চুরি হয়। ইউএনওর মৌখিক নির্দেশে থানার ওসি উপজেলা কার্যালয়ে এসে গাড়িচালক, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক ও ঝাড়ুদারসহ ১০ কর্মচারীকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান। রাতে পুলিশ তাঁদের ওপর অমানুষিক নির্যাতন চালায়। সাংসদ সেলিম ওসমানের সুপারিশে তাঁদের ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, চুরির ঘটনায় গত শনিবার ইউএনও মিনারা নাজমীন একটি মামলা করেছেন।
ইউএনও মিনারা নাজমীন গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করছে। এখানে ইউএনওর অপসারণ দাবি অযৌক্তিক।’