বন্দর ও কাস্টম হাউস সপ্তাহে ছয় দিন খোলা রাখার সুপারিশ
চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সপ্তাহের ছয় দিন খোলা রাখার সুপারিশ করা হয়েছে। রাজস্ব বোর্ডের উদ্যোগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দর ও কাস্টমস ব্যবহারকারীদের সঙ্গে প্রায় চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন। আমদানি-রপ্তানি বাণিজ্যে খরচ সাশ্রয় ও সময় কমিয়ে আনতে মোট ১৫টি সুপারিশ গ্রহণের সিদ্ধান্ত হয়।
বৈঠকে ফরিদ উদ্দিন বলেন, এসব সুপারিশ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে দুই মন্ত্রীর অনুমোদন নেওয়া হবে। আমদানি-রপ্তানি কার্যক্রমে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য এসব পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জানান।
বৈঠকে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম, কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বক্তব্য দেন। বৈঠকে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা নিজেদের সমস্যা তুলে ধরেন।
বৈঠকে ব্যবহারকারীরা জানান, বর্তমানে বন্দরের পরিচালন কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকলেও প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন সচল থাকে। আবার কাস্টম হাউসে রপ্তানি কার্যক্রম সাত দিন সচল থাকলেও আমদানি কার্যক্রম সাধারণত পাঁচ দিন সচল রয়েছে। এ কারণে সার্বক্ষণিক খোলা না থাকায় পণ্য খালাসেও বিলম্ব হয়। ব্যবহারকারীদের এ দাবির পর নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, বন্দর ও কাস্টম হাউসের পরিচালন কার্যক্রম বিষয়ক সমস্যা সমাধান করতে বন্দরের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) পদের কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি আমদানি পণ্য দ্রুত খালাসের জন্য সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়াসহ পরিচালন কার্যক্রম গতিশীল করতে পদক্ষেপ নেবে। কমিটিতে ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের রাখা হবে। প্রতি ১৫ দিন পর কমিটির বৈঠক হবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, পণ্য আমদানির ঋণপত্রে পণ্যের সঠিক বর্ণনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে। আমদানি পণ্য আনার পর সিঅ্যান্ডএফ এজেন্টরা ওই ঋণপত্র অনুযায়ী পণ্যের সঠিক বর্ণনা অনলাইনে প্রদান করবে। যেসব সিঅ্যান্ডএফ এজেন্ট সবচেয়ে বেশি অনিয়ম করবে বা কাস্টমস কর্মকর্তা বা পণ্য পরীক্ষাগারের কর্মকর্তা সবচেয়ে খারাপ তাদের চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নিলাম পণ্য দ্রুত বিক্রি, কনটেইনার পণ্য পরীক্ষার জন্য স্ক্যানার যন্ত্র স্থাপন, বন্দরের যন্ত্রপাতি ক্রয়, মহাসড়কের ওজন সেতুর সঙ্গে কাস্টমস এর অনলাইন পদ্ধতির সংযোগ স্থাপন ইত্যাদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাস্টমস এর কর্মকর্তা যারা ভালো করবে তাদের জন্য পুরস্কার এবং যারা ভালো করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়ারও সিদ্ধান্ত হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে আটজন পরিদর্শক দিয়ে গোয়েন্দা কার্যক্রম তদারকি করতে হয়। কাস্টমস এ কয়েক দফা পরীক্ষার পরও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের সময় পণ্যে গরমিল পাওয়া যায়। এখন কোনো পর্যায়েই ঠিকমতো পণ্যের পরীক্ষা হয় না। এ জন্য যেসব কর্মকর্তা দায়ী হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে দুদকের মাধ্যমে মামলা দেওয়া উচিত। ভালোমানের সেবা পেতে হলে শুল্ক গোয়েন্দার পরিদর্শকদের প্রণোদনা ভাতা প্রদান করা উচিত।
কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, জনবল সংকট মেটাতে তিন মাসে চারটি চিঠি দিয়েছি। এখন চাহিদার ২৮ শতাংশ জনবল নিয়ে কাজ করতে হচ্ছে।
বৈঠকে চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, কাস্টমস এ স্ক্যানার মেশিন সংকট প্রকট। এতে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। পণ্য ছাড়করণের আগে পরীক্ষা করতে হয়। পরীক্ষার প্রতিবেদনেও বিলম্ব হয়। কাস্টমস এ জনবল সংকটেও পণ্য খালাস বিলম্ব হচ্ছে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার বলেন, আমদানিকারকরা পণ্য খালাস না নিলে ৩০ দিনের মধ্যে নিলাম তুলে বিক্রি করার কথা থাকলেও বছরের পর বছর কনটেইনারভর্তি পণ্য পড়ে থাকে। শিপিং এজেন্ট এসব কনটেইনার ভাড়া না পেলেও উল্টো বন্দরের মাশুল দিতে হচ্ছে। আমদানি দলিল সংশোধনে ন্যূনতম পাঁচ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে।