বন্দর কর্তৃপক্ষের জমি ইজারা বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সম্পত্তি ইজারা দেওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নদী রক্ষাবিষয়ক টাস্কফোর্স। বন্দরের জমি লিজ দেওয়ার জন্য বিধিবিধান থাকলে সেটি সংশোধনের জন্যও পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বন্দরের প্রশিক্ষণ ইনস্টিটিউটে নদী রক্ষাবিষয়ক টাস্কফোর্সের ২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন। বৈঠকে টাস্কফোর্সের সদস্য ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বলেন, ‘বন্দরের ডানে ভাটির দিকে তাকালে আপনারা দেখতে পাবেন, নদীর তীরে অনেক স্থাপনা গড়ে উঠেছে। প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে বন্দরের মহামূল্যবান জমি ইজারা দেওয়া হয়েছে। গত ২০ বছরে কত কম দামে, কীভাবে এবং কাদের ইজারা দেওয়া হয়েছে, তা শনাক্ত করা দরকার। ভবিষ্যতে বন্দর সম্প্রসারণের প্রশ্ন এলে তখন কী হবে?’টাস্কফোর্সের সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম, বাঁশখালী আসনের বিরোধীদলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. আবদুল মান্নানসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।