বন্দর ঘেরাও, বন্দরের সামনে কুশপুত্তলিকা দাহ কার স্বার্থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম এ লতিফ বলেছেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক খাত। কিন্তু নানা অজুহাতে বন্দর ঘেরাও, বন্দরের সামনে কুশপুত্তলিকা দাহ কার স্বার্থে? এ ব্যাপারে সরকারি দলের কাউকেও লাইসেন্স দেওয়া হয়নি দলকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ সংরক্ষণের জন্য। বন্দরের কোনো বিষয় নিয়ে মতভেদ থাকলে এর উপদেষ্টা কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করা যেতে পারে। সাংসদ লতিফ গতকাল শনিবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে এই মন্তব্য করেন। ‘জাতীয় উন্নয়নে চট্টগ্রামের শিল্পায়ন: প্রেক্ষিত ও সম্ভাবনা’ শীর্ষক বিনিয়োগ সম্মেলন তিনি প্রধান অতিথি ছিলেন। বিনিয়োগ বোর্ড ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. সেলিম উদ্দিন। আলোচক হিসেবে ছিলেন বোমাং রাজা কে এস প্রু, বিনিয়োগ বোর্ডের চট্টগ্রাম বিভাগের পরিচালক মাহবুব কবির, তুরস্কের অনারারি কনসাল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান, চেম্বারের সাবেক সভাপতি আলী আহমেদ, এ কিউ আই চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এ কাইয়ুম চৌধুরী, জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের নেতা এম এ গনি, সাবেক সচিব সি এম মহসিন, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহিদুজ্জামান ফারুক। সাংসদ এম এ লতিফ আমলাদের সমালোচনা করে বলেন, আমলাতন্ত্রের প্রভাবে দেশের শিল্প খাতসহ সামগ্রিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। যত পরিকল্পনাই করা হোক না কেন, আমলাদের কাছে গেলে তা আর ফলপ্রসূ হয় না। জনপ্রতিনিধিদের অক্ষমতার জন্য তাঁরা আমলাদের দ্বারস্থ হন। যাকে যেখানে বসানো উচিত ছিল তাকে সেখানো বসানো হয়নি বলে সর্বক্ষেত্রেই সমস্যা হচ্ছে। মূল প্রবন্ধে অধ্যাপক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়নই চট্টগ্রামের শিল্পায়নের একমাত্র সুযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির একমাত্র প্রধান পূর্বশর্ত। চট্টগ্রামের উন্নয়ন জাতির উন্নতির জন্য অনস্বীকার্য। সভাপতির বক্তব্যে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, চট্টগ্রাম গত ৪০ বছর ধরেই বঞ্চিত। চট্টগ্রামের উন্নয়নের জন্য বলিষ্ঠ কোনো লবিং করা হয়নি বলে আমার ধারণা। যেকোনো উন্নয়নের জন্য লবিং করতে হয়।