বন্দর চেয়ারম্যানকে কঠোর হুঁশিয়ারি মহিউদ্দিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নগর আওয়ামী লীগের নেতা ও বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল শনিবার সন্ধ্যায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দর রক্ষা পরিষদের সঙ্গে বন্দর কর্মচারী পরিষদের একাংশের নেতাদের এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মহিউদ্দিন চৌধুরী। গত সপ্তাহে বন্দর কর্তৃপক্ষ বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকারকে কারণ দর্শানো নোটিশ দেয়। আবার কর্মচারী পরিষদের সহসভাপতি মোহাম্মদ আলী মিন্টু এবং প্রকৌশল বিভাগের বিভাগীয় কমিটির নেতা বাদশা মিঞাকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড) করা হয়। শৃঙ্খলা পরিপন্থী কাজ এবং নির্ধারিত সময়ে অফিসে না থাকার অভিযোগে এই আদেশ দেয় কর্তৃপক্ষ। তিনজনই মহিউদ্দিন চৌধুরীর সমর্থক হিসেবে পরিচিত।
সভায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত নেতা-কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের প্রতি কঠোর ক্ষোভ প্রকাশ করেন মহিউদ্দিন চৌধুরী। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা না হলে বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি। ৭ ডিসেম্বর লালদীঘি মাঠে জনসভারও ঘোষণা দেওয়া হয়।
বৈঠকে বন্দর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকারের নেতৃত্বে পরিষদের ১৪ জন নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া বন্দর রক্ষা পরিষদের নেতারাও অংশ নেন।