বন্দর চ্যানেলের মুখে আটকে থাকা ট্যাংকার সরানো যায়নি
চট্টগ্রাম বন্দর চ্যানেলের প্রবেশমুখে গত শনিবার আটকে যাওয়া ভোজ্যতেলবাহী ট্যাংকারটি এখনো সরানো যায়নি। গত শনিবার রাতে টাগবোটের সাহায্যে কয়েক দফা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয় উদ্ধারকারী দল।বন্দর ও জাহাজের স্থানীয় প্রতিনিধি সূত্রে জানা গেছে, ট্যাংকারটি নামিয়ে আনতে না পেরে এতে থাকা ভোজ্যতেল খালাস শুরু হয়। জাহাজটির সাড়ে ১৪ হাজার টন ভোজ্যতেল থেকে গত শনিবার দিবাগত রাতে এক হাজার ৩৬০ টন খালাস করা হয়। গতকাল রোববারও খালাস করা হয় ভোজ্যতেল। এতে জাহাজের গভীরতা কমে যাবে বলে বন্দর কর্মকর্তারা জানান।জাহাজের স্থানীয় প্রতিনিধি ইউরো শিপিং লিমিটেডের মহাব্যবস্থাপক তৌফিক হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশি আমদানিকারকদের ভোজ্যতেল খালাস শেষে ভারতীয় ব্যবসায়ীদের আমদানি করা ভোজ্যতেল ট্যাংকারের সামনের দিকে সরিয়ে নেওয়া হবে। এতে জাহাজের ভারসাম্য তৈরি হলে আজ সোমবার দুপুরে জোয়ারের সময় এটি নামিয়ে আনার চেষ্টা করা হবে।চট্টগ্রামের মোস্তফা গ্রুপের সাড়ে তিন হাজার এবং ভারতীয় ব্যবসায়ীদের ১১ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে বন্দর জেটিতে ভেড়ার পথে শনিবার দুপুরে চ্যানেলের প্রবেশমুখের ডান দিকে জাহাজটি আটকে যায়।