বন্দর ছেড়েছে কনটেইনারবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনার নিয়ে সরাসরি কলকাতা বন্দরের উদ্দেশে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দর ছেড়েছে জাহাজ ‘এমভি রোদেলা’। এর মাধ্যমে দেশীয় জাহাজে চট্টগ্রাম থেকে কলকাতায় সরাসরি কনটেইনার পরিবহন শুরু হলো।
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রান্তিক গ্রুপ জানায়, ১২০টি কনটেইনার (প্রতিটি ২০ ফুট লম্বা) নিয়ে জাহাজটি বন্দর ছেড়ে যায়। প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, কলকাতায় পৌঁছাতে দুই দিন সময় লাগতে পারে।
সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারবাহী ফিডার জাহাজ মূলত সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও তানজুম পালাপাস এবং শ্রীলঙ্কার কলম্বো বন্দরে চলাচল করে। এর বাইরে চীন ও ভারতের মুন্দ্রা বন্দরেও বন্দর থেকে কনটেইনারবাহী জাহাজ চলাচল করছে। এসব রুটে চলাচল করা সব জাহাজই বিদেশি কোম্পানির।