নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়।গত ১৩ ডিসেম্বর বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে উপপরিদর্শক (এসআই) শাহজাহান আহত হন। চার দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে শাহজাহান তাঁর ওপর হামলার জন্য থানার ওসি ও দ্বিতীয় কর্মকর্তাকে দায়ী করে যান।বিস্ফোরণে এসআইর মৃত্যুর ঘটনায় পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মদ্যপ অবস্থায় আগুনে তাপ পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে শাহজাহানের মৃত্যু হয়। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে শাহজাহানের পরিবার গত ২৩ ডিসেম্বর থানার ওসি নুর মোহাম্মদ ও দ্বিতীয় কর্মকর্তা বিনয় কৃষ্ণ কর এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে হত্যা মামলা দায়েরের জন্য আদালতে আবেদন করে।জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওসি নুর মোহাম্মদকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফতুল্লা থানার সাবেক ওসি আবদুল মতিনকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা বলেন, মৃত্যুর আগে পরিবারের সদস্যদের কাছে এসআই শাহজাহানের দেওয়া বক্তব্য, তাঁর পরিবারের অভিযোগ এবং ওসিকে নিয়ে গণমাধ্যমে লেখালেখির কারণেই মূলত নুর মোহামঞ্চদকে সরিয়ে নেওয়া হয়েছে।