বন্দর থেকে কনটেইনার পরিবহনকারী গাড়ি না চালানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহনকারী গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে কনটেইনার পরিবহনকারী গাড়ির মালিক-শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল রোববার রাতে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন ওজন স্কেলে হয়রানি করার অভিযোগ এনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, কনটেইনারে থাকা পণ্যের ওজনের সীমা বেঁধে দেওয়া হলে পণ্য পরিবহনই বন্ধ করে দিতে হবে। বন্দর থেকে আর কোনো পণ্য পরিবহন করা যাবে না। গত শনিবার সকাল থেকে মহাসড়কে ওজন স্কেলে কনটেইনার পরিবহন করা গাড়ির চালকদের হয়রানি করা হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা জানান, প্রাথমিকভাবে বন্দর থেকে কোনো জেলায় কনটেইনার পরিবহনকারী গাড়ি চলবে না। তবে চট্টগ্রামের বিভিন্ন ডিপো থেকে কনটেইনার আনা-নেওয়া করা হবে।