বন্দর দিয়ে আসা আমদানি পণ্য ঢাকা ঘুরে ফিরছে চট্টগ্রামে!
চট্টগ্রাম বন্দর থেকে আট কিলোমিটার দূরের মুরাদপুর এলাকায় অবস্থিত গাড়ির যন্ত্রাংশের ব্যবসাপ্রতিষ্ঠান শাহ আমানত অটোপার্টস। প্রতিষ্ঠানটি গত ২৬ আগস্ট বিদেশ থেকে আমদানি করা এক কনটেইনারভর্তি ৭২টি গাড়ির পুরোনো গ্যাসোলিন ইঞ্জিন নামায় চট্টগ্রাম বন্দরে। কিন্তু চট্টগ্রামের জেটি থেকে খালাস না করে ওই ইঞ্জিনভর্তি কনটেইনারটি নিয়ে যাওয়া হয় ঢাকার কমলাপুরে বন্দরের অভ্যন্তরীণ পণ্যাগারে (আইসিডি)। নিয়মানুযায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস হওয়া পণ্য ছাড় করতে হলে চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন করতে হয়। আর ঢাকার কমলাপুর আইসিডি দিয়ে খালাস করতে হলে পণ্যের শুল্কায়ন হয় ঢাকা কাস্টম হাউসে। দীর্ঘ সাড়ে ৫০০ কিলোমিটার পথ ঘুরে পণ্য আমদানির কারণ সম্পর্কে জানতে চাইলে শাহ আমানত অটোপার্টসের মালিক ওসমান গণি বলেন, ‘আমদানির দলিল ঠিক থাকার পরও চট্টগ্রাম কাস্টম হাউসে পণ্য খালাস করতে হলে কনটেইনার খুলে অযথা সব পরীক্ষা-নিরীক্ষা করে। এতে সময়ও লাগে বেশি, বিড়ম্বনাও চলে। দলিলাদি ঠিক থাকলে ঢাকা কাস্টম হাউসে কোনো ঝামেলা হয় না। এ কারণে বাড়তি পথে বাড়তি খরচ করেও ঢাকা কাস্টম হাউসে পণ্য খালাস সুবিধাজনক।’অনুসন্ধানে জানা যায়, শাহ আমানত অটোপার্টসের মতো চট্টগ্রামের অনেক আমদানিকারক এখন চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস না নিয়ে ঢাকার কমলাপুর আইসিডিতে নিয়ে যাচ্ছে। সেখানেই শুল্কায়ন করে পণ্য খালাস নেওয়া হচ্ছে। এসব পণ্য আবার চট্টগ্রামে নিয়ে আসতে বাড়তি খরচ পড়ছে ২০ থেকে ২২ হাজার টাকা। কনটেইনারভর্তি পণ্য রেলপথে একবার ঢাকার কনটেইনার ডিপোতে নিয়ে যাওয়া এবং পণ্যের শুল্কায়ন শেষে আবার ওই পণ্য সড়কপথে চট্টগ্রামে আনতে এই বাড়তি খরচ হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউসে কড়াকড়ির কারণে এই দীর্ঘ পথ ও দূরত্ব অগ্রাহ্য করে ঢাকা আইসিডিতে দিয়ে এসব আমদানিকারকেরা পণ্য খালাস করছে বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানের প্রয়োজনে গত আগস্টে বন্দরে আসা চারটি জাহাজ থেকে খালাস হওয়া ঢাকামুখী ১১টি চালান নমুনার ভিত্তিতে বেছে নেওয়া হয়। সব চালানের আমদানিকারক চট্টগ্রামের। নথি ঘেঁটে দেখা যায়, এই ১১ চালানের পণ্য আমদানি করেছে চট্টগ্রামের নয়টি প্রতিষ্ঠান। এর মধ্যে নয়টি চালানে ব্যবহূত মোটরপার্টস, একটি চালানে নতুন মোটরপার্টস এবং একটি চালানে কম্পিউটার টেবিল, কিচেন রেক ইত্যাদি পণ্য রয়েছে। এসব পণ্যের বেশির ভাগই ঢাকায় পৌঁছাতে সময় লেগেছে ২০ থেকে ২২ দিন। বন্দর সূত্র জানায়, দেওয়ানহাটের মেসার্স ইউনাইটেড মোটরস ওয়ার্কশপ, এ আমিন অটোমোবাইলস, আগ্রাবাদ শেখ মুজিব রোডের এ আর ট্রেডিং, জে এস এন্টারপ্রাইজ, বায়েজিদ বোস্তামী রোডে ইনডিপেন্ডেন্ট মোটর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপ, মুরাদপুরের শাহ আমানত অটোপার্টস, সাগরিকা রোডের মদিনা মোটরস ওয়ার্কশপ—এই নয়টি প্রতিষ্ঠানই এনেছে ব্যবহূত মোটরপার্টস। আগ্রাবাদ শেখ মুজিব রোডের এ এস ট্রেড ইন্টারন্যাশাল কম্পিউটার সামগ্রী এবং পূর্ব নাসিরাবাদ এলাকার তাজরি এন্টারপ্রাইজ নতুন মোটরপার্টস আমদানি করে।যোগাযোগ করা হলে দেওয়ানহাট এলাকার আমদানিকারক মেসার্স এ আমিন অটোমোবাইলসের স্বত্বাধিকারী মো. সাজিব প্রথম আলোকে জানান, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান চট্টগ্রামে। তবে ঢাকায় যেহেতু পণ্য বিক্রি করতে হবে, সে জন্য সরাসরি ঢাকায় তিনি পণ্য খালাস করছেন বলে দাবি করেন। আমদানিনীতি আদেশে (২০০৯-১২) নিয়ন্ত্রিত পণ্যতালিকা অনুযায়ী, ব্যবহূত মোটর গাড়ির যন্ত্রাংশ বাণিজ্যিক ভিত্তিতে আমদানি নিষিদ্ধ। তবে সাতটি শর্ত সাপেক্ষে ৪২ ধরনের মোটর গাড়ির যন্ত্রাংশ আমদানি করা যায়। এসব শর্তের মধ্যে রয়েছে সরকারি সংস্থা কর্তৃক স্বীকৃত মেরামত প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সমিতির সদস্য, বিক্রীত পণ্যের সঠিক রেজিস্টার সংরক্ষণ, স্বীকৃত প্রতিষ্ঠানের তদারকিতে সঠিক তথ্য পাওয়া ইত্যাদি। জানতে চাইলে কাস্টম হাউসের কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরীয়া প্রথম আলোকে বলেন, পুরোনো মোটরপার্টস বেশ কিছু শর্ত সাপেক্ষে আমদানি করতে হয়। এসব শর্ত পূরণ হচ্ছে কি না, তা যাচাই-বাছাই করতে কনটেইনারের পণ্য খুলে শতভাগ কায়িক পরীক্ষা করে এখান থেকে ছাড় দেওয়া হয়। এ ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগার কথা নয়। তবে ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান স্বীকার করেন, জটের কারণে অনেক আমদানিকারকই ঢাকা আইসিডি দিয়ে পণ্য খালাসে অনাগ্রহ দেখাচ্ছে। চট্টগ্রামের যেসব আমদানিকারক আইসিডি দিয়ে পণ্য খালাস করছে, সেগুলো মোট চালানের দুই-তিন শতাংশের বেশি হবে না। তিনি বলেন, আইসিডিতে আমদানি নিয়ন্ত্রিত পণ্য শতভাগ কায়িক পরীক্ষা করে খালাসের ছাড়পত্র দেওয়া হয়। এ কারণে যে আমদানিকারক একবার ধরা পড়ে, পরের বার ওই আমদানিকারক আইসিডিতে পণ্য নিচ্ছে না। তারা হয় মংলা, না হয় চট্টগ্রাম দিয়ে পণ্য খালাস করছে। চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাস থেকে হঠাৎ করে অনিয়মের মাধ্যমে পণ্য আনার ঘটনায় কড়াকড়ি শুরু হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাত্র ছয় মাসে ২৩৭টি চালানে অনিয়ম খুঁজে পায় কাস্টম হাউসের আমদানি গোয়েন্দা শাখা। এসব চালান থেকে অতিরিক্ত রাজস্ব আদায় হয় ৩০ কোটি ৬৮ লাখ টাকা। এর আগে ২০০৯-১০ অর্থবছরের পুরো সময়ে অনিয়মসংক্রান্ত ১৩৩টি মামলা থেকে আদায় হয় মাত্র পাঁচ কোটি ৫২ লাখ টাকা।সম্প্রতি কাস্টম হাউসে গিয়ে দেখা যায়, আমদানি নিয়ন্ত্রিত পুরোনো মোটরপার্টসের একটি চালান তদন্ত করছে কাস্টম হাউসের আমদানি গোয়েন্দা শাখা। এই বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ঘোষণার বাইরে চার টন পণ্য বেশি নিয়ে এসেছে আমদানিকারক। এ কারণে এই চালানের খালাস স্থগিত করে দেওয়া হয়েছে। শুল্ক ফাঁকির বিরুদ্ধে কড়াকড়ির কারণে আমদানিকারকেরা চট্টগ্রামের পরিবর্তে ঢাকায় পণ্য খালাস করছে বলে অভিযোগ করেন তিনি।