বন্দর বোর্ডে খণ্ডকালীন ৪ সদস্য অন্তর্ভুক্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর বোর্ডে চারজন খণ্ডকালীন সদস্য অন্তর্ভুক্ত করতে সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর উপদেষ্টা কমিটি। এ চার সদস্য পদে থাকবেন নৌপরিবহন, স্বরাষ্ট্র, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি।বন্দর বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া গতিশীল করতে খণ্ডকালীন চার সদস্য পদ রাখার সুপারিশ করা হয়। বর্তমানে বন্দর বোর্ডে চেয়ারম্যান ছাড়া আরও চারজন সদস্য রয়েছেন।গতকাল মঙ্গলবার নগরের সার্কিট হাউসে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী বলেন, সিঙ্গাপুরসহ বিশ্বের অনেক দেশে বন্দর পরিচালনা বোর্ডে খণ্ডকালীন সদস্য হিসেবে কয়েকজন দায়িত্ব পালন করেন। এখানেও সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নৌপরিবহনমন্ত্রী বলেন, বন্দর পরিস্থিতির এখন অনেক উন্নতি হয়েছে। গত অর্থবছরে আগের তুলনায় সাড়ে ২২ শতাংশ পণ্য ওঠানো-নামানো বেড়েছে। বৈঠকে ২৫ তলা ভবন নির্মাণ, কোস্ট গার্ডকে শক্তিশালী করতে দুটি জাহাজ এবং একটি হেলিকপ্টার কেনা, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় হাঁটার রাস্তা আগ্রাবাদ পর্যন্ত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই, একটি আন্তর্জাতিক মানের সম্মেলনকেন্দ্র নির্মাণ এবং দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সভায় সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে কুতুবদিয়া থেকে বন্দরের বহির্নোঙরে বড় আকারের জলদস্যুতা ঘটতে পারে। এসব ঘটনা মোকাবিলা করার জন্য ক্ষমতা থাকতে হবে। ডাকাতির ঘটনায় দ্রুত সাড়া দিতে অন্তত একটি হেলিকপ্টার নেওয়া দরকার।নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, বন্দরকে লাভজনক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য দিকে প্রচুর পরিমাণে পণ্য রাখার ভাড়া কমানো হয়েছে। এভাবে ভাড়া মওকুফ করা যায় কি না, কিংবা গত দুই বছরে কত টাকা ভাড়া মওকুফ করা হয়েছে, তা জানতে চান তিনি।জবাবে নৌপরিবহনমন্ত্রী বলেন, দণ্ড ভাড়া মওকুফের আগে কোনো নীতিমালা ছিল না। এখন সরকারি পণ্যের ক্ষেত্রে শতভাগ, মূলধনি যন্ত্রপাতি রাখার ভাড়া ৩০ শতাংশ মওকুফের বিধান রেখে নীতিমালা করা হয়েছে।সভায় আলোচনায় অংশ নেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নুর ই আলম চৌধুরী, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, সাংসদ সামশুল হক চৌধুরী, বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম।