বন্দর ব্যবহার করতে দিলে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনার ভারত সফরের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক বিশেষ পর্যায়ে উন্নীত হয়েছে। আর চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যাপারে সিদ্ধান্তের ফলে আঞ্চলিক যোগাযোগের প্রাণকেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ। তবে ভারতের প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা সুখকর নয়। কাজেই শেখ হাসিনা-মনমোহন সিং শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে বেশি আশাবাদী হওয়ার কিছু নেই।গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদ ও সংশয়ের এমন ভিন্ন ভিন্ন বক্তব্যই তুলে ধরেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আয়োজিত পর্যালোচনামূলক এই বৈঠকে কূটনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার ও দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার একাডেমি ফর থার্ড ওয়ার্ল্ড স্টাডিজের অধ্যাপক বীণা সিক্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। বীণা সিক্রি বলেন, শেখ হাসিনার দিল্লি সফর দুই দেশের সম্পর্ককে বিশেষ পর্যায়ে নিয়ে গেছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ভারত ব্যবহারের সুযোগ পাওয়ায় বাংলাদেশে বিনিয়োগ ও শিল্পায়ন বিকশিত হবে। বন্দর দুটি নেপাল ও ভুটানের ব্যবহারের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ উপ-আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হবে।অধ্যাপক আকমল হোসেন বলেন, নিরাপত্তাবিষয়ক তিনটি চুক্তির ফলে ভারত লাভবান হবে। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় ভারত। বাণিজ্য বৈষম্য হ্রাস ও অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, অতীতে এসব বিষয়ে ভারত উদারতা দেখায়নি। এবারের শীর্ষ বৈঠকেও তিস্তা নদী নিয়ে সিদ্ধান্ত হয়নি ভারতের অনিচ্ছার কারণে।মুক্ত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা বলেন, ‘অতীতের অভিজ্ঞতা সুখকর নয় বলেই নিশ্চিত হতে পারছি না বাংলাদেশের ক্ষতি হয় এমন কিছু ভারত করবে না।’ কলাম লেখক সাদেক খান বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আস্থার ঘাটতি আছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনিসউদ্দোলা বলেন, বৈঠকের ফলে বাণিজ্য ও বিনিয়োগে যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে। সাবেক কূটনীতিক আশফাকুর রহমান বলেন, সন্দেহ-অবিশ্বাস দূর করতে ভারতের ভিসা-প্রক্রিয়া শিথিল করা উচিত। সেই সঙ্গে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে সম্প্রচারের পদক্ষেপ নিতে হবে। সাবেক কূটনীতিক মোহাম্মদ জমির বলেন, আমলাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।