অখালাস করা গাড়ির জটিলতা নিরসনে সরকারের ‘হঠকারী’ সিদ্ধান্তের পর মংলা বন্দর ব্যবহারে অনীহা প্রকাশ করছে জাপানি গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। গতকাল রোববার দুপুরে খুলনার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ রিকন্ডিশন গাড়ি আমদানি ও সরবরাহকারী সংগঠনের (বারভিডা) সভাপতি হামিদ শরীফ।
গত শনিবার মংলা বন্দর উপদেষ্টা কমিটির ১১তম সভায় বারভিডার নেতারা অংশ নেন। আলোচনা সভায় বারভিডার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। হামিদ শরীফ বলেন, ২০১০ সাল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত মংলা বন্দরে ২ হাজার ৭৯টি গাড়ি শুল্কায়ন জটিলতায় আটকে আছে। এর মধ্যে আমদানি নীতিবহির্ভূত গাড়ির সংখ্যা ৫১২টি। বাকি গাড়িগুলো নীতি মেনেই আমদানি করা হয়েছে। গাড়িগুলোর আমদানি মূল্য কমবেশি ১০০ কোটি টাকা এবং বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু চলতি বছরের ১২ অক্টোবর সরকারের এক সিদ্ধান্তে বন্দর থেকে গাড়িগুলো পুলিশের তত্ত্বাবধানে নিয়ে তার মূল্য নির্ধারণে কাস্টমস, পুলিশ ও বিআরটিএকে দায়িত্ব দেওয়া হয়েছে।